রোজদিন ডেস্ক : দার্জিলিং-এ খাদে গাড়ি পড়ে প্রাণ হারালেন চালক সহ ২ জন। আহত হয়েছেন ৬ জন।গতকাল রাতে সোনাদার কাছে ১১০ নম্বর জাতীয় সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা হয়। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ১৫০ ফুট নীচের গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই চালক সহ এক যাত্রী প্রাণ হারান। স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজ শুরু করেন। খবর পেয়ে পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী আসেন। নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
নিহত গাড়ি চালক অরুণ মুখিয়া গুড্ডিরোডের বাসিন্দা। নিহত যাত্রী অভিমন্যু প্রসাদ জে পি শর্মা রোডে থাকতেন। আহত ছয় যাত্রী সোনাদার বাসিন্দা বলে জানা গেছে। তাঁদের চিকিৎসা চলছে। পুলিশ সূত্রে প্রকাশ, যাত্রীরা সকলেই নিত্যযাত্রী। কোনও পর্যটক ছিলেন না। সম্ভবত চালক নিয়ন্ত্রণ হারালে গাড়ি খাদে পড়ে যায়।
উল্লেখ্য, পাহাড়ে গত পনেরো দিনে দুর্ঘটনায় আট জন প্রাণ হারিয়েছেন। আহত একুশ। এক মাসের মধ্যে এত দুর্ঘটনায় এলাকাবাসী আতঙ্কিত। কিভাবে বারবার দুর্ঘটনা হচ্ছে প্রশাসন, পুলিশ খতিয়ে দেখছে।
ছবি: ইন্টারনেট

Be the first to comment