রোজদিন ডেস্ক :
নদীয়ার কৃষ্ণনগরে ফের নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য। এবার অভিযোগের তির খোদ জন্মদাতা বাবার বিরুদ্ধে। ১৪ বছরের নিজের মেয়েকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
ঘটনাটি কৃষ্ণনগর কোতোয়ালী থানার অন্তর্গত শক্তিনগর এলাকার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েক দিন ধরে ওই নাবালিকার উপর নির্যাতন চালানোর অভিযোগ উঠছিল তার বাবার বিরুদ্ধে। প্রতিবেশীদের হস্তক্ষেপে বিষয়টি প্রকাশ্যে আসে। এরপরই এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য।
অভিযোগ পেয়ে দ্রুত পদক্ষেপ করে কোতোয়ালী থানার পুলিশ। অভিযুক্ত বাবাকে আটক করে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে। পাশাপাশি, নির্যাতিতার স্বাস্থ্য পরীক্ষা ও কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পরিবারের মধ্যেই নাবালিকার নিরাপত্তা নিয়ে উঠছে গুরুতর প্রশ্ন। তবে ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে পুলিশের তদন্তের দিকেই এখন তাকিয়ে সকলে।

Be the first to comment