রোজদিন ডেস্ক : দিল্লি সহ দেশের বায়ুদূষণ মোকাবিলার সহায়তায় আগ্রহী চিন! সমাজ মাধ্যমে ভারতস্থিত চিনা রাষ্ট্রদূত এই কথা জানিয়েছেন।
উল্লেখ্য, রাজধানী দিল্লির ভয়ঙ্কর বায়ূদূষণে জেরবার আমজনতা-সহ ভিআইপি-রাও। সম্প্রতি কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী এই বিষয়ে গভীর উদ্বেগ ব্যক্ত করেন। দলমত নির্বিশেষে কেন্দ্র ও রাজ্য সরকারকে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার আর্জি জানান। দিল্লির পূর্বতন শাসক আপ-ও এই বিষয়ে উদ্বেগ ব্যক্ত করে বর্তমান বিজেপি সরকারকে দায়ী করেছে।
সমাজ মাধ্যমে চিনা রাষ্ট্রদূত জানিয়েছেন, এই দূষণ মোকাবিলায় বেজিং তাদের অভিজ্ঞতা দিয়ে সহায়তায় আগ্রহী। বেজিং ও সাংহাই এর ধোঁয়াশা ( স্মোগ) মোকাবিলায় যা সফল হয়েছে। চিনা দূতাবাসের মুখপাত্র ইউ জিং সমাজ মাধ্যমে বলেন, একসময় চিনেও এই ভয়ঙ্কর দূষণ সমস্যা ছিল। এখানে তা মোকাবিলায় তাঁরা সহায়তায় প্রস্তুত। ভারত খুব শীঘ্র এই দূষণ সমস্যা থেকে মুক্তি পাবে বলে তাঁর বিশ্বাস।
২০১৩ সালে চিন দূষণের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছিল। বায়ুর মান উন্নয়নে
১০০ বিলিয়ন ডলার খরচ করে ওই দেশ। কারখানাগুলির ধোঁয়া নিয়ন্ত্রণ, পুরনো যান বাতিল সহ নানা ব্যবস্থা নেয়।
আজ অবশ্য দিল্লির বায়ুদূষণ একটু কমেছে। তবে এতে স্বস্তিতে নেই স্থানীয় মানুষ জন। তাঁদের আশংকা, যে কোন সময় ফের এর অবনতি হতে পারে।
চিন দূতাবাস এই প্রস্তাব দিলেও দিল্লি এখনও এই নিয়ে কোন প্রতিক্রিয়া দেয়নি বলে জানা গেছে।

Be the first to comment