রোজদিন ডেস্ক : কলকাতায় আরও এক জন ডেঙ্গিতে আক্রান্তের মৃত্যু হয়েছে। এ বার মারা গেলেন এক যুবক। স্বাস্থ্য ভবন সূত্রের খবর, শুক্রবার সকালে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে মৃত্যু হয় অরিজিৎ দাসের, বয়স ৩৫ বছর। তাঁর বাড়ি বেহালার গাবতলা লেনে।
স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের মৃত্যুর কারণ হিসেবে হাসপাতালের ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির বিষয়টির উল্লেখ রয়েছে। এ নিয়ে এ বছর কলকাতায় দ্বিতীয় ডেঙ্গি–আক্রান্তের মৃত্যু হলো। এর আগে ডেঙ্গিতে আক্রান্ত, ৭৫ বছরের স্বরূপ মুখোপাধ্যায়ের মৃত্যু হয়।
স্বাস্থ্য দপ্তর জানাচ্ছে, বৃহস্পতিবার প্রবল জ্বর ও খিঁচুনি নিয়ে অরিজিৎ ভর্তি হয়েছিলেন স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে। চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয় হলে হাসপাতালের বক্তব্য।
হাসপাতাল সূত্রের খবর, বৃহস্পতিবার বিকেলে ভর্তি হওয়া ইস্তকই ওই যুবকের শারীরিক অবস্থা ছিল আশঙ্কাজনক। তাঁর রক্তের প্লেটলেট কাউন্ট ছিল মাত্র ১২ হাজার। দ্রুত তাঁর অবস্থার আরও অবনতি হয়। বৃহস্পতিবার রাতে তাঁকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হলেও শেষরক্ষা হয়নি।

Be the first to comment