বাংলাদেশের মৌলবাদ ও রাজ্যে বিজেপি ও আরএসএসের অশান্তি পাকানোর চক্রান্তের প্রতিবাদে দেশ বাঁচাও গণমঞ্চ

Spread the love

রোজদিন ডেস্ক : প্রতিবেশী বাংলাদেশে অশান্তি চলছে। সেখানে মৌলবাদের হাতে আক্রান্ত সংখ্যালঘু থেকে গণতন্ত্রকামী মানুষ। পুড়ছে সংবাদপত্রের দফতর। আক্রান্ত সাংবাদিকরাও। ছাড় পায়নি ছায়ানট, উদিচীর মত প্রতিষ্ঠানও। এক শিশুকে নৃশংসভাবে পিটিয়ে-পুড়িয়ে মারা হয়েছে। বাংলা ও বাংলার সংস্কৃতিকে নিশানা করেছে মৌলবাদীরা। এই হিংসা ও মৌলবাদী হামলার ঘটনায় উদ্বিগ্ন এ পারের লোকজনও। এই পরিস্থিতির অবসান ঘটিয়ে বাংলাদেশে গণতন্ত্র ফেরানোর দাবি জানাল দেশ বাঁচাও গণমঞ্চ।

একইসঙ্গে, ওই ঘটনাকে হাতিয়ার করে ভোটের আগে বিজেপি, আরএসএস যেভাবে এই বাংলায় ঘৃণার পরিবেশ তৈরি করতে চাইছে তারও প্রতিবাদ করলেন মঞ্চের প্রতিনিধিরা। শুক্রবার দুপুরে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকে তাঁদের কথায় উঠে আসে বিজেপির এই চক্রান্তের কথা। মঞ্চের বক্তব্য, বাংলাদেশের মৌলবাদীদের সঙ্গে এ পারের বিজেপি, আরএসএসের মতো মৌলবাদী শক্তির কোনও তফাত নেই।

রাজ্যের প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসুর নেতৃত্বে এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সাংবাদিক রন্তিদেব সেনগুপ্ত, রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য, পার্থ বন্দ্যোপাধ্যায়, নাজমুল হক, বর্ণালী মুখোপাধ্যায়, দেবাশিস বক্সি-সহ অন্যান্যরা। পূর্ণেন্দু বসু বলেন, আমরা সমস্ত ধরনের মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। সেই কারণে এই ধরনের হামলার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি। আমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই। সমমনস্ক মানুষদের প্রতি তাঁর আবেদন, যাঁরা প্রকৃত ধর্মনিরপেক্ষ, যাঁরা প্রকৃত গণতন্ত্র চান, তাঁরা এগিয়ে আসুন। আমাদের রাজ্যে এখনও আমরা এই ঘটনার প্রতিবাদে পিছিয়ে আছি, অবিলম্বে তা শুরু করা উচিত। তিনি ছাড়াও সুমন ভট্টাচার্য, পার্থ বন্দ্যোপাধ্যায়, রন্তিদেব সেনগুপ্তরাও বক্তব্য রাখেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*