রোজদিন ডেস্ক : ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় স্বচ্ছতা আরও।বাড়াতে গুরুত্বপূর্ণ নির্দেশ নির্বাচন কমিশনের। দেশ জুড়ে যে ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া চলছে, সেখানে প্রতিটি বুথের মৃত, স্থানান্তরিত ও অনুপস্থিত বা ‘এএসডি’ ভোটারদের তালিকা রাজনৈতিক দলগুলির বিএলএদের সঙ্গে ভাগ করে নিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। বিহারে এসআইআর চলাকালীন যে পদ্ধতি অনুসরণ করা হয়েছিল, একই মডেল এবার অন্য রাজ্যেও কার্যকর করার সিদ্ধান্ত নিল কমিশন। এক বিবৃতিতে তারা বলেছে, বুথ স্তরে যেসব ভোটারকে ‘অ্যাবসেন্ট’, ‘শিফটেড’, ‘ডেড’ অথবা ‘ডুপ্লিকেট’ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং যাঁদের কাছে বারবার চেষ্টা করেও বিএলওর পৌঁছাতে পারেননি, সেই সমস্ত ভোটারের তালিকা খসড়া ভোটার তালিকা প্রকাশের আগেই রাজনৈতিক দলগুলির মনোনীত বুথ লেভেল এজেন্টদের হাতে তুলে দিতে হবে। এই উদ্যোগের লক্ষ্য হল, কোনও যোগ্য ভোটারকে যাতে ভুলবশতঃ তালিকা থেকে বাদ না পড়তে হয়, তা নিশ্চিত করা। এই সিদ্ধান্ত কার্যকর করতে দেশের প্রায় ৫ লক্ষ বিএলওকে মাঠে নামানো হবে। তাঁরা রাজনৈতিক দলগুলির ১২ লক্ষেরও বেশি বুথ লেভেল এজেন্টদের সঙ্গে বুথভিত্তিক বৈঠক করবেন এবং এএসডি তালিকা তুলে দেবেন। কমিশনের মতে, এই প্রক্রিয়ার মাধ্যমে প্রতিটি ভোটারের প্রকৃত অবস্থা ফের আরও একবার যাচাই করার সুযোগ মিলবে এবং কোনও ভুল থাকলে খসড়া তালিকা প্রকাশের আগেই তা সংশোধন করা সম্ভব হবে।

Be the first to comment