নিজস্ব প্রতিনিধি, নদিয়া :
ফেসবুকের পরিচয়, তারপর বন্ধুত্ব, আর সেই বন্ধুত্ব থেকেই প্রেম। অবশেষে দুই পরিবারের সম্মতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন নদিয়ার মাজদিয়া পূর্ণগঞ্জের কৌশিক মিত্র এবং বগুলার স্নেহা পোদ্দার।
জানা গেছে, দীর্ঘদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে তাঁদের পরিচয় হয়। সময়ের সঙ্গে সেই সম্পর্ক গভীর হয়ে প্রেমে পরিণত হয়। মূক ও বধির হলেও ফুটবলের প্রতি প্রবল অনুরাগী কৌশিকের সঙ্গে বিভিন্ন সময় অনুশীলনের মাঠেও দেখা করতেন স্নেহা। সেখান থেকেই তাঁদের সম্পর্ক আরও দৃঢ় হয়ে ওঠে।
সূত্রের খবর, কিছুদিন আগে তাঁরা গোপনে বিয়ের উদ্যোগ নিয়েছিলেন। পরে বিষয়টি দুই পরিবারের নজরে এলে পারিবারিক আলোচনার মাধ্যমে বিবাহের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর মাজদিয়ায় কৌশিকদের বাড়িতে পুরোহিতের উপস্থিতিতে বৈদিক রীতি মেনে সম্পন্ন হয় তাঁদের শুভ বিবাহ।
শিক্ষাগত যোগ্যতার দিক থেকে কৌশিক মাজদিয়া কলেজ থেকে স্নাতক এবং আইটিআই ডিপ্লোমাধারী। তবে বর্তমানে তিনি কর্মহীন এবং উপযুক্ত চাকরির সন্ধান করছেন। অন্যদিকে, স্নেহা এখনও স্নাতক স্তরে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন।
ছেলের ভবিষ্যৎ সুরক্ষিত করতে কৌশিকের বাবা-মা সরকারের কাছে তাঁর কর্মসংস্থানের ব্যবস্থা করার আবেদন জানিয়েছেন।
বিয়ের অনুষ্ঠানে উপস্থিত আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং এলাকার বাসিন্দারা নবদম্পতিকে শুভেচ্ছা ও আশীর্বাদে ভরিয়ে দেন। সকলের একটাই কামনা—ভালোবাসার এই বন্ধন আজীবন অটুট থাকুক এবং সুখ-শান্তিতে ভরে উঠুক কৌশিক ও স্নেহার নতুন সংসার।

Be the first to comment