সাড়া দেয়নি রাজ্য, বহুতল ও আবাসনগুলিতে তৈরি হবে ভোটগ্রহণ কেন্দ্র, একতরফা সিদ্ধান্ত কমিশনের

Spread the love

রোজদিন ডেস্ক : শহর কলকাতা থেকে গোটা রাজ্য, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বহুতল ও আবাসনগুলিতে ভোটগ্রহণ কেন্দ্র তৈরি করতে চলেছে নির্বাচন কমিশন। কমিশন নির্দেশ দেওয়া সত্ত্বেও পরপর দু’বার হাইরাইজ আবাসনে বুথ স্থাপনে ব্যর্থ হওয়ার পর কমিশন এ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের কাছে কেন এখনও কোনও আবাসনে বুথ তৈরি করা গেল না, সেই বিষয়ে জানতে চেয়েছে। কমিশনের খবর, এরপরই নড়েচড়ে বসে সিইও-র দফতর। সিইও জানান, রাজ্যের সব জেলা নির্বাচনী আধিকারিকদের কাছ থেকে হাইরাইজ আবাসনের বিস্তারিত তালিকা চেয়ে পাঠানো হয়েছে। কোথায়, কতগুলি হাইরাইজ আবাসন রয়েছে, তার পূর্ণাঙ্গ তালিকা এবার নির্বাচন কমিশনের কাছে পাঠানো হবে। সেই তালিকা খতিয়ে দেখেই কমিশন নিজের ক্ষমতাবলে আবাসনগুলিতে বুথ তৈরির নির্দেশ জারি করবে। এতদিন এই বিষয়ে রাজ্যের শাসক থেকে বিরোধী দল, কারও মধ্যেই ঐকমত্য তৈরি হয়নি। নানা আলোচনা ও আপত্তির পরেও কোনও সমাধান মেলেনি। অবশেষে কমিশন নিজেই বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেবে, কলকাতা-সহ গোটা রাজ্যে কোন কোন হাইরাইজ আবাসনে ঠিক কতগুলি বুথ তৈরি করা হবে দীর্ঘ টালবাহানার পর এই প্রথম রাজ্যের সব হাইরাইজ আবাসনেই ভোটগ্রহণ কেন্দ্র সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে। সংশ্লিষ্ট আবাসনের বাসিন্দারাই কেবল ওই বুথগুলিতে ভোট দিতে পারবেন। এখন কমিশন আনুষ্ঠানিক ভাবে কবে এই বিজ্ঞপ্তি জারি করবে সেই দিকেই তাকিয়ে রাজ্য প্রশাসন এবং ভোটাররা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*