রোজদিন ডেস্ক : পশ্চিমবঙ্গে এসআইআরের কাজ প্রায় শেষ পর্যায়ে। আজ শনিবার শেষ হচ্ছে শুনানি পর্ব। ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। হিসেব মতো এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশের পরই বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করবে নির্বাচন কমিশন। তবে তার আগে এ রাজ্যের জন্য এসআইআর এবং নির্বাচনের জন্য বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করল কমিশন। বিজ্ঞপ্তি দিয়ে একজন বিশেষ পর্যবেক্ষক নিয়োগের কথা জানিয়েছে তাঁরা। সেখানে বলা হয়েছে, অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার এনকে মিশ্রকে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের জন্য বিশেষ পর্যবেক্ষক হিসাবে নিযুক্ত করা হচ্ছে। তাঁর কী দায়িত্ব হবে, তাও স্পষ্ট করে জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, তিনি মূলত এসআইআর এবং আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি এবং পরিচালনার কাজ তদারকি করবেন।সংবিধানের ৩২৪ অনুচ্ছেদ এবং ১৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ১৩ সিসি ধারা অনুযায়ী এনকে মিশ্রকে পশ্চিমবঙ্গের আসন্ন ভোটে বিশেষ পর্যবেক্ষক করা হল। কমিশন জানিয়েছে, বিশেষ পর্যবেক্ষক হিসাবে তিনি এ রাজ্যে আসবেন। নির্বাচন সংক্রান্ত কমিশনের নির্দেশাবলি সঠিক ভাবে পালন করা হচ্ছে কি না, তা নিশ্চিত করার দায়িত্ব পালন করবেন। পশ্চিমবঙ্গের সিইও মনোজ আগরওয়ালের সঙ্গে সমন্বয় রেখে নির্বাচনী কাজের তদারকিও করবেন তিনি।

Be the first to comment