রোজদিন ডেস্ক : এসআইআরের শুনানি পর্বে ভোটারদের পরিচয়, ঠিকানা এবং অন্যান্য প্রাসঙ্গিক নথি খতিয়ে দেখার ওপর জোর দিচ্ছে নির্বাচন কমিশন। এই যাচাই প্রক্রিয়ায় বিএলওদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমিশন সূত্রে খবর, শুনানিতে ভোটারদের দেওয়া নথি বিএলওদের একটি নির্দিষ্ট অ্যাপে আপলোড করতে হবে। সেই নথি জেলা নির্বাচন আধিকারিক বা ডিইও— অর্থাৎ জেলাশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে যাচাইয়ের জন্য। কোন নথি কোন দপ্তরে পাঠানো হচ্ছে, তার উপরও নজর রাখবে নির্বাচন দফতর। নথি যাচাইয়ের ক্ষেত্রে সময়সীমাও বেঁধে দিয়েছে কমিশন। নথি আপলোড হওয়ার পর সর্বোচ্চ পাঁচ দিনের মধ্যেই যাচাই পর্ব শেষ করতে হবে। পাঁচদিনের মধ্যে যাচাই করে রিপোর্ট নির্বাচন দফতরে জমা দিতে হবে, এমনই নির্দেশ। যদি কোনও ভোটারের নথি ভিনরাজ্যের সঙ্গে যুক্ত থাকে, সে ক্ষেত্রে তা সেই রাজ্যের সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে নথি পাঠানো হবে। সেক্ষেত্রেও নির্ধারিত সময়ের মধ্যেই যাচাই প্রক্রিয়া শেষ করতে হবে। নির্বাচন দফতরের মতে, এই সময়সীমা ও বহুতল যাচাই ব্যবস্থার ফলে ভুয়ো ভোটার, দ্বৈত ভোটার কিংবা ভুল তথ্য সংক্রান্ত অভিযোগের দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হবে। আগামী শনিবার থেকেই রাজ্যে এসআইআরের শুনানি পর্ব শুরু হচ্ছে।

Be the first to comment