রোজদিন ডেস্ক : সংবিধান এবং নির্বাচনী আইনের ভিত্তিতেই সম্পূর্ণ স্বচ্ছ পদ্ধতি মেনে ভোটার তালিকা তৈরি থেকে শুরু করে ভোট পরিচালনা করে কমিশন। তৃণমূল কংগ্রেস-সহ সব রাজনৈতিক দলকে সেই প্রক্রিয়া মেনেই চলতে হবে বলে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে। এদিনের বৈঠকে তৃণমূলের তরফে তোলা অভিযোগের প্রেক্ষিতে কমিশন তৃণমূল সাংসদদের জানিয়েছে, রাজনৈতিক বক্তব্য রাখা দলগুলোর অধিকার হলেও নির্বাচন প্রক্রিয়া নিয়ে ভুল তথ্য বা বিভ্রান্তি ছড়ানো কোনও ভাবেই কাম্য নয়। কমিশন তৃণমূল প্রতিনিধিদের সতর্ক করে জানিয়েছে, নির্বাচন সম্পর্কিত পদ্ধতি নিয়ে ভুল ব্যাখ্যা বা ভুল তথ্য প্রচার থেকে বিরত থাকতে হবে।এছাড়াও বিএলও এবং ইআরওদের জন্য কমিশন যে বর্ধিত ভাতা অনুমোদন করেছে, তা এখনও কেন রাজ্য সরকার দেয়নি সে প্রশ্নও তুলেছে। এই পরিস্থিতিকে অদ্ভুত বলে মন্তব্য করা হয়েছে। কমিশনের নির্দেশ, রাজ্য সরকার যেন আর বিলম্ব না করে অবিলম্বে এই বর্ধিত সাম্মানিক প্রদানের জন্য উদ্যোগ নেয়।

Be the first to comment