ইংল্যান্ড (England) : ৬
সাকা হ্যাটট্রিক (পেনাল্টি-সহ), রাইস, কোনসা, বেলিংহ্যাম
ফ্রান্স: ৪
এমবাপে ২, বারকোলা, ডেম্বেলে
প্রতিবেদন: ট্রফিজয়ের লড়াই নেই। নেহাতই নিয়মরক্ষার ম্যাচ। সেই রকম একটি ম্যাচে যে এত মশলা ছিল কে আর জানতো! এক ম্যাচে হল ১০ গোল। না, টাইব্রেকার নয়। শনিবার ভারতীয় সময় মধ্যরাতে বিশ্বকাপে তিন নম্বর হওয়ার লড়াইয়ে ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে জিতল ইংল্যান্ড। ইংরেজ তারকা হ্যারি কেন এদিন প্রথম একাদশে ছিলেন না। তবে এদিনের ম্যাচে হেরে জমকালো কোচিং কেরিয়ার শেষ হল ফরাসি কোচ দিদিয়ের দেশেঁর। কাপ হারানোর যন্ত্রণা ভুলে এদিনের নিয়মরক্ষার ম্যাচে রণংদেহি মুডে দেখা গেল ইংল্যান্ড এবং ফ্রান্সকে। ম্যাচের প্রথমার্ধ জুড়ে শুধুই ইংল্যান্ড। প্রথমার্ধের শেষে ফলাফল দাঁড়াল ৪-০। এ ম্যাচ তখনই শেষ হয়ে গিয়েছিল। তবে তারপর ফ্রান্স যেটা করল তার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না ফুটবল ফ্যানরা। বিরতির পর চেনা ছন্দে ফিরলেন দেশেঁর দল। ৪৮ মিনিটে ব্যবধান কমালেন এমবাপে। তারপর দ্বিতীয় গোল। মেসিকে টপকে তিনিই এখন বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডের মালিক। এক সময় স্কোরলাইন দাঁড়াল ইংল্যান্ড ৪, ফ্রান্স ৩। তখন মাঠে শুধুই ফ্রান্স। তবে ৮৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক পূরণ করলেন সাকা। ম্যাচ গড়াল ৯৯ মিনিট পর্যন্ত। তার মধ্যেও ফ্রান্সের ডেম্বেলে এবং ইংল্যান্ডের বেলিংহ্যামের পা থেকে এল গোল। শেষ পর্যন্ত ৬-৪এই থামল ম্যাচ। তিন নম্বর হয়ে বিশ্বকাপ শেষ করল ইংল্যান্ড।

Be the first to comment