প্রায় ৭মাস পর ডেথ সার্টিফিকেট পেল আরজি করের মৃত তরুণী চিকিৎসকের পরিবার

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- অবশেষে প্রায় ৭মাস পর ডেথ সার্টিফিকেট পেল আরজি করের মৃত তরুণী চিকিৎসকের পরিবার। বুধবার নির্যাতিতার বাড়িতে যান রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম। তিনি নির্যাতিতার বাবা-মাকে এই নথি দেন। এ দিন স্বাস্থ্যসচিবের সঙ্গে ছিলেন আরজি কর মেডিক্যাল কলেজের এমএসভিপি সপ্তর্ষি চট্টোপাধ্যায়।

এদিন ডেথ সার্টিফিকেট হাতে পাওয়ার পর নির্যাতিতার বাবা বলেন, ‘আমাদের বাড়িতে এসেছিলেন স্বাস্থ্যসচিব। মেয়ের ডেথ সার্টিফিকেটের মূল কপিটা দিয়ে গিয়েছেন গেলেন। পরবর্তীতে অন্য কপি দরকার হলে এমএসভিপি তা দিয়ে দেবেন বলেছেন। আমাদের কাছে লিংক এসে গিয়েছে। প্রয়োজনে প্রিন্ট আউটও বার করে নিতে পারব।’ তিনি আরও বলেন, ‘সেপ্টেম্বর মাস থেকে ডেথ সার্টিফিকেট পাওয়ার চেষ্টা করছিলাম। গত ৩১ জানুয়ারি লিখিত দিয়েছিলাম। অনেক ঘোরাঘুরি করতে হয়েছে। তবে শেষে এটা আমরা পেয়েছি, তার জন্য ধন্যবাদ সবাইকে। কিন্তু এতটা দেরি কেন হল সেই জবাবটা পাইনি।’
অন্যদিকে, স্বাস্থ্যসচিব এই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। তিনি বলেন, ‘ওঁদের ডেথ সার্টিফিকেট দেওয়ার কথা ছিল। তা দিলাম। আর কোনও কথা হয়নি।’
প্রসঙ্গত, গত ৯ অগাস্ট আরজি করের এক সেমিনার হল থেকে তরুনী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। তাঁকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠে। এই ঘটনার প্রতিবাদে উত্তাল হয়েছিল গোটা দেশ। ঘটনায় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে শিয়ালদা আদালত। যদিও নির্যাতিতার পরিবারের দাবি, এই ঘটনার সঙ্গে আরও অনেকে জড়িত রয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*