রোজদিন ডেস্ক, কলকাতা:- আইনজীবী মারফত মঙ্গলবার সুপ্রিম কোর্টে রাজ্য সরকার জানিয়েছিল রাজ্যে নতুন করে ওবিসি নিয়ে সমীক্ষা হচ্ছে । বুধবার বিধানসভাতেও সে বার্তাই স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, ‘ওবিসি নিয়ে সার্ভে চলছে । এই সার্ভে যদি সুপ্রিম কোর্টে অনুমোদিত হয় তাহলে নিয়োগ নিয়ে সমস্যা কেটে যাবে।’
আজ বিধানসভায় স্বাস্থ্য দফতরের বাজেটে অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী বলেন, “আপনারা জানেন ওবিসি সংরক্ষণ নিয়ে যারা আমাদের বিরুদ্ধে, তারা কেউ কেউ কোর্টে কেস করে বিষয়টিকে আটকে দেওয়ার চেষ্টা করছেন । ফলে সব ধরনের নিয়োগ বন্ধ হয়ে আছে। আশা করছি বিষয়টা মিটে যাবে । গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টে কেস ছিল । সেখান থেকে একটা অবজার্ভেশন এসেছে । আমরা ওবিসি নিয়ে যে সার্ভে করছি সেটা বন্ধ করতে তারা বলেনি । সুতরাং, সার্ভে চলবে । এরপর এই সার্ভে যদি সুপ্রিম কোর্টে অনুমোদিত হয় তাহলে আমি মনে করছি নিয়োগ নিয়ে যে সমস্যা তৈরি হয়েছিল তা কেটে যাবে ।”
এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, ‘এই রিক্রুটমেন্ট চালু হয়ে গেলে এক লক্ষের বেশি শুধু শিক্ষকই নিয়োগ করা হবে । স্বাস্থ্য থেকে শুরু করে সব ডিপার্টমেন্টে বহুদিন ধরে নিয়োগ আটকে রয়েছে । দুই তিন লাখ পুলিশের নিয়োগও পড়ে রয়েছে । সবই হয়ে যাবে ৷’

Be the first to comment