ছটপুজোর আগে শহরের গঙ্গারঘাটের ব্যবস্থা খতিয়ে দেখলেন মেয়র

Spread the love

রোজদিন ডেস্ক : ছটপুজোর প্রস্তুতিও প্রায় শেষ কলকাতা পুরসভার। রবিবার দুপুর থেকে সন্ধ্যা ও সোমবার ভোররাত থেকেই শুরু হয়ে যাবে ছটপুজো। কলকাতা পুরসভা এবং পুলিশের তরফে কলকাতা সংলগ্ন গঙ্গার বিভিন্ন ঘাট, পুকুর, ঝিল ও অস্থায়ী কৃত্রিম জলাশয় বানিয়ে ছটপুজোর সমস্তরকম ব্যবস্থা করা হয়েছে। শনিবার বিকেলে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে পুর-কমিশনার ধবল জৈন ও অন্য আধিকারিকদের নিয়ে দইঘাট ও তক্তাঘাট পরিদর্শন করেন মেয়র ফিরহাদ হাকিম। দেন প্রয়োজনীয় নির্দেশ। জল ও পরিবেশ দূষণ নিয়ে জাতীয় গ্রিন ট্রাইব্যুনাল (এনজিটি)-এর নির্দেশ যাতে লঙ্ঘিত না হয়, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে পুর-কর্তৃপক্ষের তরফে। মেয়র জানান, কলকাতায় গঙ্গার যে মূল ঘাটগুলি আছে, ছটপুজোর জন্য সেখানে বিশেষ চেইন সিস্টেম করা হয়েছে। রবিবার ও সোমবার ছট উপলক্ষে প্রচুর মানুষের সমাগম হবে। তাই ঘাটগুলিতে বিশেষ মাইকিং ও আলোর ব্যবস্থা রয়েছে। গঙ্গার বুক থেকে রিভার ট্র্যাফিক পুলিশের লঞ্চ, নৌকা ও স্পিডবোট সর্বদা নজর রাখবে। ইতিমধ্যেই পুর-কমিশনারের তরফে কোন অফিসার কোন এলাকায় দায়িত্বে থাকবেন, তাঁদের নাম ও ফোন নম্বর-সহ নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। কলকাতা শহরের বিভিন্ন গঙ্গার ঘাট ছাড়াও বহু পুকুর ও কৃত্রিম জলাশয় মিলিয়ে এবছর মোট ১৮৮টি জায়গায় ছটপুজোর ব্যবস্থা করা হয়েছে। গঙ্গা ও পুকুর মিলিয়ে মোট ১৫৩টি ঘাট প্রস্তুত রাখা হচ্ছে। পাশাপাশি কেএমডিএ-র উদ্যোগে শহরের ১৩টি স্থানে ২৯টি ঘাটে ছটপুজোর ব্যবস্থা করা হয়েছে। এইসব ঘাটে মহিলাদের জামাকাপড় বদলের জন্য পৃথক ঘর, বায়ো টয়লেট ও আলো-জলের ব্যবস্থাও থাকছে। শহরের ছয়টি ওয়ার্ড ৬৮, ৮৫, ৮৮ ও ৮৯ নম্বর ওয়ার্ড মিলিয়ে মোট ছ’টি কৃত্রিম পুকুর তৈরি করা হয়েছে, যাতে নিরাপদে পুজো সম্পন্ন হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*