রোজদিন ডেস্ক : পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আজ ময়দানে ‘গোষ্ঠ পাল’ মূর্তির পাদদেশে চীনের প্রাচীর নামে খ্যাত কিংবদন্তি ফুটবলার পদ্মশ্রী গোষ্ঠ পালের ১২৯তম জন্ম দিবস পালন করা হয়। শ্রদ্ধা জ্ঞাপন করেন ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস। উপস্থিত ছিলেন প্রাক্তন ও বর্তমান ক্রীড়াবিদরা,বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন, আইএফএ এবং কলকাতার তিন প্রধান ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান-এর কর্মকর্তারা।

উল্লেখ্য, ১৯১৩ খ্রিষ্টাব্দে মোহনবাগানের হয়ে তিনি প্রথম খেলেন। এরপর ২৩ বছর ধরে মোহনবাগানের হয়ে তিনি খেলেন। ১৯২০ সালে ইস্টবেঙ্গল ক্লাব প্রথম যে দল গড়ে তাতে ছিলেন কিংবদন্তি ফুটবলার গোষ্ঠ পাল। ১৯২০ সালে ইস্টবেঙ্গল একটাই টুর্নামেন্ট হারকিউলিস কাপে খেলতে মোহনবাগান থেকে তাকে হায়ারে নেওয়া হয়েছিল এবং চ্যাম্পিয়নও হয় লাল-হলুদ। ১৯২১ থেকে টানা ৫বছর তিনিই ছিলেন মোহনবাগানের ক্যাপ্টেন৷
১৯২৪ সালে তিনি ভারতীয় জাতীয় দলেরও অধিনায়কত্ব পান।তিনি খেলতেন রাইট ব্যাক পজিসনে। খেলার সময় বুটপরা ইউরোপিয়ান খেলোয়াড়দের তিন খালি পায়ে খেলে প্রতিরোধ করতেন। ভারতীয় দল নিয়ে ১৯৩৩ খ্রিষ্টাব্দে তিনি সিংহলে (বর্তমান শ্রীলঙ্কা) যান। তিনি হকি খেলাতেও দক্ষ ছিলেন এবং ক্রিকেট ও টেনিসও খেলতেন। ১৯৩৫ খ্রিষ্টাব্দে তিনি অবসর গ্রহণ করেন।

Be the first to comment