প্রায় বছর খানেক ধরে মহম্মদ শামির সঙ্গে বিতর্কের জেরে শিরোনামে তাঁর স্ত্রী হাসিন জাহান। তার মধ্যেই কখনও মডেলিং, কখনও হাসিনের বলিউডে পা রাখা নিয়ে গুঞ্জন উঠেছে। এ বার লোকসভা ভোটের আগে কংগ্রেসে যোগ দিলেন হাসিন জাহান।
মঙ্গলবার মুম্বইয়ে একটি অনুষ্ঠানে মুম্বইয়ের কংগ্রেস সভাপতি সঞ্জয় নিরূপম আনুষ্ঠানিকভাবে হাসিন জাহানকে কংগ্রেসে স্বাগত জানান। মুম্বই কংগ্রেসের তরফে টুইটারেও তাঁকে স্বাগত জানানো হয়।
পেশায় মডেল ও চিয়ারলিডার হিসেবে নিজের কেরিয়ার শুরু করার পর আইপিএল চলাকালীন শামির সঙ্গে হাসিনের আলাপ। তারপর সেই আলাপ থেকে ভালোবাসা, তারপর বিয়ে। তাঁদের একটি মেয়েও আছে।
গত বছর মার্চ মাসে দক্ষিণ আফ্রিকা সফরের পরে হঠাৎই বোমা ফাটান হাসিন। শামির সঙ্গে এক মহিলার হোয়াটস অ্যাপ কথোপকথনের স্ক্রিনশট প্রকাশ করে শামির বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন হাসিন। বিবাহ বর্হিভূত সম্পর্ক, পাক-যোগাযোগ, ম্যাচ ফিক্সিং-এর মতো মারাত্মক অভিযোগ আনেন শামির বিরুদ্ধে। এমনকী হাসিন এও অভিযোগ করেন, নিজের আসল বয়স গোপন করে ভারতীয় দলে নাকি সুযোগ পেয়েছে শামি৷
হাসিনের অভিযোগের ভিত্তিতে শামি ও তাঁর পরিবারের ৪ জন সদস্যের বিরুদ্ধে ধর্ষণ, হুমকি, নির্যাতন থেকে শুরু করে খুনের চেষ্টা, একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়৷ মামলা করা হয় ভারতীয় দণ্ডবিধির ৪৯৮এ, ৩২৩, ৩০৭, ৩৭৬, ৫০৬, ৩২৮ ও ৩৪ নম্বর ধারায়৷ যদিও ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ থেকে মহম্মদ শামিকে ক্লিনচিট দিয়েছে বিসিসিআই।
এইরকম অবস্থায় রাজনীতির ময়দানে নামছেন হাসিন। শামি ভক্তদের একাংশের দাবি, রাজনীতি তো হাসিনের রক্তে। শামির বিরুদ্ধে একের পর এক অভিযোগেই সব প্রমাণ হয়েছে। আবার কেউ কেউ বলছেন, বিতর্কের জেরে এই মুহূর্তে দেশজুড়ে পরিচিত হাসিন। তাঁর এই পরিচয়কেই ভোটের ময়দানে কাজে লাগাতে চাইছে কংগ্রেস।

Be the first to comment