রোজদিন ডেস্ক, কলকাতা:- বিকেলের পর প্রবল ঝড়বৃষ্টি। বৃহস্পতিবার কলকাতা ও উত্তর ২৪ পরগনায় ভয়াবহ ঝড়ের দাপট লক্ষ্য করা গিয়েছে। প্রাণ গিয়েছে একজনের। কোথাও উপড়ে এসেছে গাছ, কোথাও বিদ্যুতের খুঁটি হেলে গিয়েছে। যদিও তড়িঘড়ি কাজ করে ট্রেন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করা হয় রেলের তরফে।
বারাসত হাটখোলা ইন্দিরা কলোনি এলাকায় স্থানীয় একটি ক্লাবের পাশেই বড় একটি বটগাছ ছিল। এ দিনের ঝড়ের দাপটে বটগাছের একটি ডাল ভেঙে পরে হঠাৎ। সেই সময় এক যুবক গাছের নীচ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সেই ডাল তাঁর মাথায় পড়ে। এলাকার লোকজন বারাসত থানায় খবর দেন। নিয়ে যাওয়া হয় বারাসত হাসপাতালে। তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, মৃতের নাম গোবিন্দ বৈরাগী।
অন্যদিকে এই ঝড়ের কারণে সাড়ে ৭টা নাগাদ মধ্যমগ্রাম স্টেশনে ট্রেন ঢোকার আগে আপ লাইনে একটি গাছ পড়ে যায়। তার জেরে থমকে যায় বারাসাত শাখার ট্রেন চলাচল। যদিও রেলের তরফে দ্রুততার সঙ্গে সে গাছ সরানোর ব্যবস্থা করা হয়। ফের রাত ৮টা নাগাদ ট্রেন চলাচল শুরু হয়।
এদিকে, সোদপুর ও ইছাপুর স্টেশনেও সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ লাইনের তারে গাছ পড়ার খবর আসে। যার জেরে প্রায় আধ ঘণ্টার শিয়ালদহ মেইন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়।
এ দিকে আচমকা ঝড়বৃষ্টির জেরে বিপাকে পড়তে হয় যাত্রীদের। মে দিবসের কারণে আজ ছুটি। তবে বহু বেসরকারি দপ্তর খোলা। সেই সব অফিসের কর্মীদের বাড়ি ফিরতে ভুগতে হয়। স্টেশনে স্টেশনে অপেক্ষা করতে হয় যাত্রীদের।
যাত্রীদের অভিযোগ, প্রায় ৪০ থেকে ৪৫ মিনিট দেরিতে চলছে সমস্ত লোকাল ট্রেন। গাছ পড়ে যে পরিষেবা সাময়িক ব্যাহত হয়, তা মেনে নিয়েছে রেলও। তবে পরিষেবা মোটের উপর স্বাভাবিক হতে বেশি সময় লাগেনি বলে দাবি রেলের।

Be the first to comment