রোজদিন ডেস্ক :
বারুইপুরে বালিকা ধর্ষণ, হত্যার নৃশংস ঘটনার অন্যতম অভিযুক্তকে এনকাউন্টারে হত্যা কেন? এই মর্মে জেলা পুলিশের রিপোর্ট হলফনামা আকারে তলব করলো কলকাতা উচ্চ আদালত। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থ সারথি চ্যাটার্জির ডিভিশন বেঞ্চ আজ এই রিপোর্ট চান। আগামী ১৭ আগস্ট এই মামলার পরবর্তী শুনানি হবে।
উল্লেখ্য, গত ৭ জুলাই গভীর রাতে পুলিশের গুলিতে বারুইপুরের নারকীয় ঘটনার অন্যতম অভিযুক্ত প্রভাস মন্ডল নিহত হন। তিনি পুলিশের আগ্নেয়াস্ত্র কেড়ে নিয়ে গুলি ছুঁড়ে ছিলেন বলে পুলিশের অভিযোগ। এই এনকাউন্টার নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে। আইনজীবী শিলাদিত্য রক্ষিত উচ্চ আদালতে জনস্বার্থ মামলা করেন।
তিনি এর বিচার বিভাগীয় তদন্তের দাবি করেন। আজ তাঁর পক্ষে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, ওই ঘটনায় পুলিশের উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া উচিত ছিল। পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ সম্পূর্ণ মনগড়া। তিনি এই ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি করেন।
রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার এই অভিযোগ মানেননি।
বিচারপতিরা দুই পক্ষের বক্তব্য শুনে তা হলফনামা আকারে পুলিশকে জমা দিতে নির্দেশ দিয়েছেন।

Be the first to comment