রোজদিন ডেস্ক :
হকির জার্সির রঙ বদল করে দেশের আত্মা বদল করা যায় না বলে কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী আজ মন্তব্য করেন। আগামী মাসে হকি বিশ্বকাপে এবার ভারতের পুরুষ ও মহিলা হকি খেলোয়াড়দের জার্সির নীল রঙ বদলে গেরুয়া করা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক জমে উঠেছে। আজ সংসদ ভবনের চত্বরে এই বিষয়ে কেন্দ্র ও আরএসএস-কে নিশানা করে তীব্র আক্রমণ করেন প্রিয়াঙ্কা গান্ধী। বলেন, ওরা (বিজেপি, আরএসএস!) জার্সির রঙ, শিক্ষা নীতির মাধ্যমে ইতিহাস ইত্যাদি বদলাতে পারে, কিন্তু এই দেশের আত্মা সত্য, অহিংসা, ভ্রাতৃত্ব, সম্প্রীতিতে পূর্ণ, আরএসএস বা আন্য কেউ তা বদলাতে পারবে না।
নিট প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে দিল্লি-সহ দেশব্যাপী তরুণ প্রজন্মের সাড়া জাগানো আন্দোলনের প্রসঙ্গ তুলে দৃপ্ত ভাবে তিনি বলেন, এটাই দেশের মানুষের কন্ঠস্বর! দেশের স্বাধীনতা সংগ্রাম সত্য ও অহিংসার আদর্শের ওপর প্রতিষ্ঠিত ছিল, সেখানে আরএসএসের কোন ভূমিকা ছিল না। সারা দেশ এই সত্যিটা জানে। যারা জানত না, তারাও ধীরে ধীরে বিজেপি, আরএসএসের উদ্দেশ্য বুঝতে পারছে।
প্রিয়াঙ্কা গান্ধী বলেন, যতই হিংসা, ঘৃণা, বিভাজনের রাজনীতি হোক, দেশের ঐক্য ও পারস্পরিক সম্প্রীতির চেতনা নষ্ট করা যাবে না।
ভারতীয় হকি দলের জার্সির রঙ বদলানো নিয়ে প্রাক্তন অধিনায়ক ভিরেন রাসকুইনহো সমাজ মাধ্যমে আক্ষেপ জানিয়ে বলেছেন, হকি ইন্ডিয়া অনেক ভাল কাজ করলেও এই সিদ্ধান্ত হতাশাজনক। তিনি বহু বছর গর্বের সঙ্গে নীল জার্সি পড়েছেন। গেরুয়া জার্সির যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

Be the first to comment