পিয়ালী :
৩১ অক্টোবর ১৯৮৪। দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নিজের বাড়ির সামনে আততায়ী দেহরক্ষীর গুলিতে নিহত হন। আজ তাঁর মৃত্যু দিবস। সারাদেশ শ্রদ্ধার সঙ্গে এই দিনটি স্মরণ ও পালন করে। জাতীয় কংগ্রেসের পক্ষে সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়গে ও কংগ্রেস সংসদীয় দলনেত্রী সোনিয়া গান্ধী ইন্দিরা গান্ধীর সমাধিস্থলে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
তবে ইন্দিরার পৌত্র রাহুল গান্ধী সমাজ মাধ্যমে একটি আবেগঘন পোস্ট করেন। তিনি মনে করিয়ে দেন ইন্দিরার বলিষ্ঠ ও সৎ চরিত্রের কথা।
ছোটবেলায় ঠাকুরমা ইন্দিরার কোলে বসে তার হাত দুটি ধরে শোনা বৃহদারণ্যক উপনিষদের সেই বাণীগুলো আজও রাহুলের কানে বাজে। অসতো মা সদ্গময়…. তমস মা জ্যোতির্গময়… মৃত্যুর মা অমৃতং গময়। ওম শান্তি শান্তি শান্তি। ঠাকুরমা ইন্দিরা লোরি বা ছড়া শোনানোর ভঙ্গিমায় নাতির কানে এই বৈদিক শান্তি মন্ত্র বর্ষণ করতেন। এর অর্থ অসৎ থেকে সতের পথে নিয়ে চলো, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে চলো, মৃত্যু থেকে অমৃতের পথে নিয়ে চলো। ভুবনে বর্ষিত হোক শান্তি।
ঠাকুমার কোলে বসে রাহুল ও স্বগতোক্তির মতো এই লাইনগুলো বলে যেতেন। রাহুল লিখেছেন এটা এক অনির্বচনীয় প্রাপ্তি। কি অপূর্ব অকল্পনীয় উপহার এই কথাগুলির মাধ্যমে তার ঠাকুমা তার মনে গেঁথে দিয়ে গেছেন তার জন্য তিনি কৃতজ্ঞ।
ঠাকুমাকে ফুল নিবেদন করে রাহুল তাঁর সাহস, দূরদর্শী নেতৃত্ব, একাগ্রতা ও দেশের প্রতি নিষ্ঠার কথা উল্লেখ করেন।

Be the first to comment