রোজদিন ডেস্ক : পশ্চিম এশিয়ায় শান্তি আপাতত দূর অস্ত! ইসলামাবাদে আমেরিকা ও ইরানের আলোচনা ভেস্তে গেল।
মার্কিন উপ রাষ্ট্রপতি জে ডি ভান্স আজ জানিয়ে দেন, ইরান তাঁদের কোন শর্ত মানতে নারাজ। ফলত উভয় পক্ষ কোন সমঝোতায় যেতে পারেনি। এই খবর আমেরিকার থেকে ইরানের জন্য বেশি খারাপ বলে মন্তব্য করেন ভান্স।
তাঁরা কি চান তা ইরানকে পরিস্কার জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ওরা তা মানতে চায় নি।
শনিবারে ইসলামাবাদের এই বৈঠকের দিকে তাকিয়ে ছিল সারা বিশ্ব। এখন বৈঠক ভেস্তে যাওয়ায় ফের যুদ্ধের ভ্রূকুটি প্রকট হওয়ায় সর্বত্র উদ্বেগ দেখা দিয়েছে।
সূত্রের খবর, বৈঠক চলাকালীন অবিরত মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন মার্কিন প্রতিনিধিরা। তাঁর দেওয়া সব প্রস্তাব ইরানের সামনে রাখা হয়। কিন্তু কোন সমঝোতা সূত্র মেলেনি। একুশ ঘণ্টার এই ম্যারাথন বৈঠকে কোন সুরাহা না হওয়ায় হতাশ বিভিন্ন দেশও।
মূলত পারমাণবিক অস্ত্র তৈরি নিয়ে ইরানের অনড় মনোভাবে বৈঠক ভেস্তে যায়। ভান্স জানান, তাঁরা এই নিয়ে ইরানের কাছে ইতিবাচক নিশ্চয়তা চেয়েছিলেন, কিন্তু তা মেলেনি।
আমেরিকার দাবি, তাদের আক্রমণে ইরানের সব পরমাণু কেন্দ্রই ধ্বংস হয়েছে। এর পরেও নতুন করে পরমাণু বোমা, অস্ত্র বানাতে ইরান ইচ্ছুক বলে ইঙ্গিত মিলেছে।
ইরানের এই মনোভাব মানতে নারাজ আমেরিকাও। তাই আপাতত ফিরে যাচ্ছেন তাঁরা। আশা ইরান তাদের শর্ত মানতে রাজি হবে।

Be the first to comment