রোজদিন ডেস্ক : এ যেন এক উলট পুরাণ!! গত কয়েক বছরে রাজ্যে দলবদলের স্রোতে ভেসেছেন বহু রাজনৈতিক ব্যক্তিত্বই। বিশেষত রাজ্য ও কেন্দ্রর শাসক দলের পারস্পরিক টানাপোড়েনের সাক্ষী হয়েছে এই রাজ্য। গত বেশ কয়েকটি নির্বাচনের আগেই শাসক দলের শিবির ছেড়ে বিজেপিতে যোগদানের প্রবণতা তুঙ্গে ওঠে। এমনকি তাঁদের অনেককে বিশেষ উড়ানে দিল্লি নিয়ে বিজেপিতে যোগ দেওয়ানোর কাজও হয়। যা নিয়ে তাজ্জব রাজ্যের আমজনতা। পরে তাঁদের অনেকে ফের টিএমসি-তে ফিরেও গেছেন।
এবার বিজেপির শীর্ষ নেতৃত্ব এই পথে আর যেতে রাজি নয় বলে জানা যায়। সম্প্রতি রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা সুনীল বনসল রাজ্যে এসে এই বার্তাই দিয়ে গেছেন। সূত্রের খবর, উপস্থিত নেতাদের তিনি জানিয়ে দেন, নির্বাচনে টিকিট পাওয়া বা কোন পদ, এই সবের টোপ দিয়ে অন্য দলের নেতা কর্মীদের ( পড়ুন টিএমসি থেকে!) দলে টানার দরকার নেই। কেউ যদি নিঃশর্ত ভাবে দলে আসতে চান, বা অরাজনৈতিক ব্যক্তি, তাঁদের দলে নেওয়া যেতে পারে। কোন কিছু না ভেবে অন্য দল থেকে ঢালাও যোগদানের তিনি পক্ষে নয় বলে বার্তা দেন।
প্রসঙ্গত, বিশিষ্ট বিজেপি নেতা তথাগত রায় দলে এমন ঢালাও যোগদানের প্রকাশ্যেই বিরোধিতা করেছিলেন।
গত বিধানসভা নির্বাচনের আগে টিএমসি থেকে যোগ দেওয়া একাধিক জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও করেছেন৷ ব্যর্থ হয়ে আবার নিজের দলেই ফিরেও গেছেন। এমনকি ভোটে জয়ী হওয়ার মত উদ্যোগও তাঁদের দেখা যায়নি বলে অভিযোগ। এবার এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি সুনীল বনসল চান না বলে জানা যায়।

Be the first to comment