রোজদিন ডেস্ক :
নেহরুকে নিয়ে বিজেপির লাগাতার আক্রমণে ক্ষুব্ধ কংগ্রেস বিজেপির ইতিহাস বদলে দেওয়ার অভিযোগ এনেছে। আজ সংসদ ভবনে বিশিষ্ট কংগ্রেস নেতা তথা সাংসদ জয়রাম রমেশ কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে সর্দার বল্লভভাই প্যাটেলকে নিয়ে তাঁর কন্যার লেখা বই তুলে দেন।
প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী জহরলাল নেহরু বাবরি মসজিদ পুনর্নির্মাণের জন্য সরকারি টাকা খরচ করতে চেয়েছিলেন বলে সম্প্রতি এক সমাবেশে মন্তব্য করেছিলেন রাজনাথ সিং। এর তীব্র প্রতিবাদ করেছিলেন জয়রাম রমেশ। আজ তিনি সর্দার বল্লভভাই প্যাটেলের কন্যার লেখা ” ইনসাইড স্টোরি অফ সর্দার প্যাটেল, ডায়েরি অফ মনিবেন প্যাটেল ” বইটি রাজনাথ সিং-কে দেন। গুজরাটি তে লেখা বই টি হাতে নিয়ে স্মিত হেসে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, তিনি গুজরাটি পড়তে পারেন না।
উল্লেখ্য, সম্প্রতি সংসদের উভয় কক্ষে বন্দে মাতরম নিয়ে আলোচনায় প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী নেহরুকে নিশানা করে একের পর এক তোপ দাগেন। জয়রাম রমেশের অভিযোগ, নেহরুকে অপমান করতেই এই বিষয় আনা হয়েছে।
আজ রাজনাথ সিং-কে মনিবেন প্যাটেলের বই দেওয়া বিশেষ মাত্রা যোগ করলো বলে রাজনৈতিক মহল মনে করেন।
সর্দার প্যাটেলের কন্যার এই ডায়েরি তাঁর পিতার জীবনের প্রামাণ্য দলিল বলেই মনে করা হয়।

Be the first to comment