রোজদিন ডেস্ক : কেরালাম বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস বনাম সিপিএমের বিবাদে সরগরম রাজনৈতিক মহল।
মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন আজ লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ শানিয়ে বলেন, উনি এখনও কোন অভিজ্ঞতা থেকে শিক্ষা নেননি, তৃণমূল স্তরের কর্মীদের নিয়ে ওঁর কোন সচেতনতাই নেই।
সম্প্রতি রাহুল গান্ধী কেরালার মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তোপ দেগে বলেছিলেন, বিজেপির সঙ্গে গোপন সমঝোতা আছে বলে ইডি, সিবিআই ওঁকে ডাকে না৷
এর উত্তরে বিজয়ন আজ পালটা তোপ দেগে আরও বলেন, রাহুল গান্ধী ও কংগ্রেসই বিজেপির বি টিম হিসাবে কাজ করছেন। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে কেন গ্রেফতার করা হচ্ছে না বলে এর আগে রাহুল গান্ধীর বক্তব্য উল্লেখ করে বিজয়ন বলেন, পরে কেজরিওয়াল আদালতের রায়ে মুক্ত হলেন। দিল্লিতে আপের বিরোধিতা করে বিজেপিকে ক্ষমতায় আনার জন্য তিনি কংগ্রেসকে দায়ী করেন।
নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে বিজেপির সিল নিয়ে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি করেন তিনি। বলেন, এটি অত্যন্ত গুরুতর বিষয়।

Be the first to comment