রোজদিন ডেস্ক : কেন্দ্রীয় সরকার নির্বাচনের আগে মহিলা সংরক্ষণ বিল আনায় ক্ষুব্ধ কংগ্রেস। জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে একে নির্বাচনী বিধি ভঙ্গের সামিল বলে উদ্বেগ ব্যক্ত করেন। সংসদের আসন সংখ্যা বৃদ্ধি, মহিলা বিল ইত্যাদি আরও বিশদ আলোচনার দাবি রাখে, এই নিয়ে বিরোধী দের সম্মিলিত মতামতও প্রয়োজন। এই প্রেক্ষিতে আজ কংগ্রেস ওয়ার্কিং কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক বসে। মল্লিকার্জুন খড়গে-সহ রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, জয়রাম রমেশ, সলমন খুরশিদ, কে সি বেণুগোপাল, রেবন্ত রেড্ডি, সিদ্দারামাইয়া-সহ দলের শীর্ষ নেতারা সেখানে উপস্থিত থেকে এই সব নিয়ে আলোচনা করেন।
আগামী ১৬ থেকে ১৮ এপ্রিল এই বিল নিয়ে সংসদের বিশেষ অধিবেশন বসছে। মল্লিকার্জুন খড়গে বলেন, রাজনৈতিক ফয়দা পাওয়ার উদ্দেশ্যে মোদি সরকার এই সময় মহিলা বিল পাসের উদ্যোগ নিয়েছে।
উল্লেখ্য ২৩ ও ২৯, এপ্রিল পশ্চিমবঙ্গ, তামিলনাড়ুর ভোট গ্রহণ হবে।
কংগ্রেসের ধারণা, ২০২৯ সাল থেকেই মহিলা সংরক্ষণ, সংসদের আসন সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত রূপায়ণের দিকে এগোচ্ছে বিজেপি। পরিস্থিতি খুবই উদ্বেগজনক জানিয়ে জাতীয় কংগ্রেস সভাপতি বলেন, তাঁরা পশ্চিমবঙ্গের নির্বাচনের পর এই সব নিয়ে সর্ব দলীয় বৈঠক করার দাবি জানিয়েছিলেন, তা মানা হয়নি।
নির্বাচন কমিশন কোন ব্যবস্থা নেয় কিনা তাই এখন দেখার। বিরোধীদের অভিযোগ, নির্বাচনের মুখে এই সংরক্ষণ বিজেপির পালে হাওয়া তোলার কৌশল।

Be the first to comment