রোজদিন ডেস্ক : অন্ধ্রপ্রদেশের কুর্নুলে বেঙ্গালুরুগামী বাসে বিধ্বংসী আগুনে ২০ জনের বেশি প্রাণ হারালেন। আজ কাকভোরে এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে।
বাসটি হায়দ্রাবাদ থেকে বেঙ্গালুরু যাওয়ার সময় আজ ভোর সাড়ে তিনটে নাগাদ এই ভয়ংকর দুর্ঘটনার কবলে পড়ে। চিন্নাতেকুরুর কাছে একটি বাইক বাসটিকে ধাক্কা মেরে এর নীচের দিকে চলে যায়। বেশির ভাগ যাত্রীই তখন ঘুমোচ্ছিলেন। নীচেরর জ্বালানি ট্যাংকের সঙ্গে বাইকের সংঘর্ষে আগুন লেগে দ্রুত ছড়িয়ে পড়ে। ৪১ জন যাত্রীর মধ্যে ১২ জন কোনক্রমে বেরোতে পারেন। বাকিদের মধ্যে অনেকেরই জীবন্ত অবস্থায় ঝলসে মৃত্যু হয় বলে পুলিশের অনুমান।
কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। তাঁরা নিহতদের পরিবারকে আন্তরিক সমবেদনা জানান। মুখ্যমন্ত্রী নিহত ও আহতদের পরিবারের পাশে সর্বতভাবে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন।
এই ভয়াবহ দুর্ঘটনায় একই পরিবারের চারজন প্রাণ হারিয়েছেন। মাত্র দিন দশেক আগে রাজস্থানেও চলন্ত বাসে আগুন লেগে ২১ জন নিহত হন।
আজ দুর্ঘটনাগ্রস্ত বাসটিতেও ২০ জনের বেশি নিহত হওয়ার আশংকা করা হচ্ছে। পুলিশ, দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী বাসের ভিতর থেকে নিহত ও আহতদের বার করার কাজ করছেন। আহতদের কুর্নুল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে বহু মানুষ নিকটজনের জন্য চরম উদবিগ্ন হয়ে উঠেছেন। এলাকা জুড়ে এখন শুধুই হাহাকার।
বাসচালকদের একজনকে পুলিশ আটক করেছে। আর একজনের খোঁজ চলছে। নিহতদের সনাক্তকরণের কাজ চলছে।

Be the first to comment