রোজদিন ডেস্ক : মহারাষ্ট্রর সাতারায় সরকারি হাসপাতালে এক মহিলা চিকিৎসক আত্মঘাতী হয়েছেন। সুইসাইড নোটে অভিযুক্তর কাঠগড়ায় এক পুলিশ আধিকারিক। তিনি পাঁচ মাস ধরে তাঁকে ধর্ষণ ও যৌন হেনস্থা করতেন বলে আত্মঘাতী মহিলা চিকিৎসকের অভিযোগ। দিনের পর দিন এই নির্যাতন সহ্য করতে না পেরে তিনি এই পথ নিয়েছেন।
এনডিএ শাসিত মহারাষ্ট্রর সাতারায় সরকারি হাসপাতালের চিকিৎসকের এই আত্মহত্যার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। সূত্রের খবর, একটি হোটেলের ঘরে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। তাঁর হাতে থাকা সুইসাইড নোটে তিনি লিখেছেন, পিএসআই গোপাল বাদানে একাধিকবার তাঁকে ধর্ষণ ও যৌন হেনস্থা করেছেন। আর এক পুলিশ আধিকারিক প্রশান্ত বানকারও তাঁকে মানসিকভাবে অত্যাচার করতেন।
গত পাঁচ মাস ধরে এই নির্যাতন চলছে। এই খবর সামনে আসায় অস্বস্তিতে পুলিশ মহল।
তারা মহিলা চিকিৎসকের দেহ ময়না তদন্তে পাঠিয়েছে। সুইসাইড নোটের ফরেনসিক পরীক্ষা করা হচ্ছে। এই সব রিপোর্ট পেলে পুলিশ আইনি পথে এগোবে বলে প্রকাশ। এই সব নিয়ে সরকারিভাবে পুলিশের পক্ষে কিছু জানানো হয় নি।
এই রাজ্যে আর জি করের ভয়ংকর ঘটনার রেশ এখনও পুরো মেলায়নি। অভয়া কান্ডের পর রাজ্যে একাধিক মহিলা চিকিৎসকের নিগ্রহ নিয়ে বিরোধী পক্ষ, বিশেষত বিজেপি জোরালো ভূমিকা নিয়েছে। এবার মহারাষ্ট্রর বিজেপি মুখ্যমন্ত্রীর রাজ্যে এই ঘটনা নিয়ে অস্বস্তিতে গেরুয়া শিবির।

Be the first to comment