রোজদিন ডেস্ক :
গুজরাটের আমরেলি জেলায় কোভায়া গ্রামের কাছে আজ সকালে এক ব্যক্তির ছিন্নভিন্ন দেহ উদ্ধার নিয়ে ব্যাপক আতঙ্ক ও উত্তেজনা ছড়ায়।স্থানীয় মানুষের অভিযোগ, সিংহের আক্রমণে তিনি প্রাণ হারিয়েছেন। এলাকাটি রাজুলা বনাঞ্চল এলাকায় হওয়ায় তাঁদের এই অনুমান।
বন দফতরের মুখপাত্র জানান, এলাকায় চারটি সিংহের দল ঘুরে বেড়াচ্ছে, তাদের খাঁচাবন্দি করার চেষ্টা চলছে। তারাই উত্তরাখন্ড থেকে আসা ওই ব্যক্তিকে মেরেছে বলে মনে করা হচ্ছে।
সূত্রের খবর, নিহত ব্যক্তি হোটেলে কাজ করতেন, রাতে বাড়ি ফেরার সময় সম্ভবত সিংহের দল তাঁকে আক্রমণ করে৷ আজ সকালে ঝোপের ধারে তাঁর দেহাংশ দেখে শিউরে ওঠেন স্থানীয় মানুষ। পুলিশ, বন দফতর কে খবর দেন তাঁরা।
কোভায়া গ্রামের সরপঞ্চ জিনা লাখনোত্রা বলেন, নিকটবর্তী ভাকোদর গ্রামেও এই ধরনের ভয়ংকর ঘটনা হয়েছে। এলাকার বিধায়ক হীরা শোলাঙ্কি এই ধরনের ঘটনা যাতে আর না হয় তার ব্যবস্থা নিতে বন দফতরকে চিঠি দিয়েছেন। যেভাবে সিংহের আক্রমণে মানুষ মারা যাচ্ছেন, তা অত্যন্ত দুঃখজনক। বনে সিংহর সংখ্যা বৃদ্ধির সঙ্গে বন কর্মীদের সংখ্যা বৃদ্ধিরও তিনি দাবি জানান।

Be the first to comment