রোজদিন ডেস্ক : নানা অনুষ্ঠানের মাধ্যমে আজ সারদা মায়ের জন্মতিথি পালিত হয়। এই উপলক্ষে তাঁর জন্মস্থান জয়রামবাটিতে সকাল থেকেই উৎসবের মেজাজ। মা-এর জন্মতিথি পালিত হচ্ছে বেলুড় মঠ, তাঁর শ্বশুরবাড়ি কামারপুকুরে। কলকাতার বাগবাজারে মায়ের বাড়িতে আজ তাঁকে শ্রদ্ধা জানাতে ভিড় উপচে পড়ে।।
রামকৃষ্ণর সহধর্মিণী সারদা মা জগজ্জননী রূপেই সবার অন্তরে পূজিত হন।

আজ সকালে তাঁর জন্মস্থান বাঁকুড়ার জয়রামবাটিতে প্রভাত ফেরি উপলক্ষে এক বর্ণময় শোভাযাত্রা বিভিন্ন পথ পরিক্রমা করে। ওখানে তাঁর স্মৃতিতে মাতৃ মন্দিরে দেশ- বিদেশের ভক্তরা আসেন। পুজো পাঠ, বেদ গান, আরতি, প্রসাদ বিতরণ ইত্যাদির মাধ্যমে দিনটি পালিত হয়। বেলুড় মঠেও ভোরে পুজোর মাধ্যমে মা-কে স্মরণ করা হয়।
বাগবাজারে মায়ের বাড়ি নানা বর্ণময় অনুষ্ঠানে দিনভর সরগরম ছিল।
১৮৫৩ সালের ২২ ডিসেম্বর জয়রামবাটিতে সারদা মায়ের জন্ম। শিশু বয়েসে কামারপুকুরের “গদাই ” রামকৃষ্ণ-র সঙ্গে বিয়ে। এরপর নানা ঘাত-প্রতিঘাতে কেটেছে তাঁর জীবন। অল্প বয়সে স্বামীকে হারিয়েছেন। বিবেকানন্দ-সহ রামকৃষ্ণ দেবের সব ভক্ত কুলের কাছে তিনি প্রকৃত অর্থেই মা হয়ে উঠেছিলেন। তাঁর ত্যাগ, তিতিক্ষা, সবাইকে ভালোবাসা, সাধারণ জীবনযাপনে মুগ্ধ ছিলেন ভগিনী নিবেদিতা সহ সকলেই।
আজকের দিনে তাঁকে সব মহল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন।

Be the first to comment