রোজদিন ডেস্ক : বিজেপিশাসিত মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় সুইসাইড নোটে লেখা এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। মৃতার বাড়িওয়ালার ছেলে প্রশান্ত বঙ্করকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে এই খবর জানিয়েছে সাতারা পুলিশ। পুলিশ সুপার তুষার দোশী বলেছেন, ফলটন তালুকে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় অন্যতম অভিযুক্ত প্রশান্ত বঙ্করকে আমরা গ্রেফতার করেছি। শনিবার তাঁকে আদালতে হাজির করানো হবে। দ্বিতীয় অভিযুক্ত পুলিশের এক সাব-ইনস্পেক্টর এখনও পলাতক। সেও শীঘ্রই ধরা পড়বে, তল্লাশি চলছে। এই এসআইয়ের বিরুদ্ধেই সুইসাইড নোটে ৫ মাস ধরে ধর্ষণের অভিযোগ এনেছিলেন ওই তরুণী। গত বৃহস্পতিবার রাতে ফলটনের একটি হোটেল থেকে তরুণী চিকিৎসকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। বাঁ হাতের তালুতে দু’জনের নাম উল্লেখ করেছিলেন। তাঁর অভিযোগ ছিল পুলিশের এক এসআই গত এ মাসে তাঁকে চারবার ধর্ষণ করে। এ ছাড়া, বাড়িওয়ালার ছেলেও টানা পাঁচ মাস ধরে শারীরিক এবং মানসিক ভাবে তাঁকে হেনস্থা করেছে। ফলটনের একটি সরকারি হাসপাতালে চুক্তিভিত্তিক চিকিৎসক হিসাবে কাজ করতেন তিনি। ঘটনা সামনে আসতেই চরম অস্বস্তিতে পড়েছে রাজ্যের বিজেপি জোট সরকার। যে এসআই-এর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন চিকিৎসক, তাঁকে বরখাস্ত করা হয়েছে। কিন্তু এখনও তাঁর খোঁজ পাওয়া যায়নি।মৃতার পরিবারের দাবি, চাপ দিয়ে নানা অনৈতিক কাজ করতে বাধ্য করা হত তরুণীকে। এমনকি, লিখিয়ে নেওয়া হত ভুয়ো মেডিক্যাল রিপোর্টও। কোনও রকম শারীরিক পরীক্ষা ছাড়াই ওই সমস্ত রিপোর্ট লিখতে বাধ্য করা হত তরুণীকে। হুমকিও দেওয়া হত। একাধিক বার ডিএসপি-সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের চিঠি লিখেছিলেন তিনি, কিন্তু কোনও লাভ হয়নি।

Be the first to comment