রোজদিন ডেস্ক, কলকাতা:- কসবা ধর্ষণ কান্ডের মূল অভিযুক্ত কসবা আইন কলেজের অস্থায়ী কর্মী মনোজিত মিশ্রকে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দিয়েছে উচ্চশিক্ষা দপ্তর। পাশাপাশি, সোমবার গণধর্ষণে অন্যতম অভিযুক্ত আরও দুই পড়ুয়া প্রমিত মুখোপাধ্যায় ও জ়ইব আহমেদকে কলেজ থেকে এখনই রাস্টিকেট করার নির্দেশও দেওয়া হয়েছে।
উচ্চশিক্ষা দপ্তরের এক শীর্ষ আধিকারিক জানান, আজ, মঙ্গলবারই পরিচালন সমিতির (জিবি) বৈঠক ডাকার নির্দেশ দেওয়া হয়েছে ওই ল কলেজ কর্তৃপক্ষকে। সোমবার দুপুরেই কলেজ পরিচালন সমিতির তরফে ওয়েবসাইটে নোটিশ দিয়ে জানানো হয়েছে, কলেজের সব ক্লাস আপাতত সাসপেন্ড করা হচ্ছে।
একই সঙ্গে মনোজিতের আইনজীবীর তকমা কেড়ে নেওয়ার তৎপরতাও শুরু করার ইঙ্গিত দিয়েছে বার কাউন্সিল। বিকাশ ভবনের নির্দেশ, কলেজ চলাকালীন বহিরাগতরা যাতে ক্যাম্পাসে না ঢোকে, তা নিশ্চিত করতে হবে কলেজ কর্তৃপক্ষকে। এখানেই শেষ নয়, দ্রুত ইন্টারনাল কমপ্লেনটস বা বিশাখা কমিটির (আইসিসি) বৈঠক ডেকে ২৫ জুনের গণধর্ষণে জড়িত প্রত্যেক অভিযুক্তকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে বিকাশ ভবন।

Be the first to comment