রোজদিন ডেস্ক : পলাতক হীরে ব্যবসায়ী মেহুল চোকসির ভারতে ফেরাটা এখন শুধু সময়ের অপেক্ষা। নিম্ন আদালতের পর এবার বেলজিয়ামের শীর্ষ আদালতও মেহুলের আর্জি খারিজ করে জানিয়ে দিল তাকে ভারতে প্রত্যর্পণে আর কোনও বাধা নেই। এটাকে বড়সড় কূটনৈতিক জয় হিসেবেই দেখছে নয়াদিল্লি। এর ফলে পিএনবি-র ঋণখেলাপি পলাতক হিরে ব্যবসায়ী মেহুল চোকসিকে ভারত প্রত্যর্পণের আইনি জটিলতা কার্যত কেটে গেল। তাকে ভারতে প্রত্যর্পণের আর্জিতে আগেই সায় দিয়েছিল বেলজিয়ামের নিম্ন আদালত। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে চোকসি সে দেশের সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন। সেটাও খারিজ হয়ে গেল এবার। পিএনবি থেকে ১৩ হাজার কোটি টাকা তছরূপের অভিযোগ রয়েছে গুজরাটের হিরে ব্যবসায়ী মেহুল চোকসির বিরুদ্ধে। তিনি ২০১৮ সালে দেশ ছেড়ে পালান। তার সঙ্গে দেশ ছাড়েন আরেক ঋণখেলাপী নীরব মোদিও। তাদের দুজনকে অনেকদিন ধরেই দেশে ফেরানোর চেষ্টা চালাচ্ছে মোদি সরকার। অবশেষে এতদিনে সাফল্য পেতে চলেছে নয়াদিল্লি। চোকসির এই আবেদন খারিজ হয়ে যাওয়ার অর্থ, চোকসির ভারতে প্রত্যর্পণে আর বাধা রইল না। এবার প্রত্যর্পণের আইনি প্রক্রিয়া শুরু করতে পারবে দেশের এজেন্সিগুলি। যা শেষ হলেই পলাতক ঋণখেলাপিকে দেশে ফেরানো হবে।

Be the first to comment