আজ থেকে মিরিক শিলিগুড়ি সড়কে যান চলাচল স্বাভাবিক হচ্ছে

Spread the love

রোজদিন ডেস্ক : শিলিগুড়ি থেকে মিরিক হয়ে কার্শিয়াং ও দার্জিলিং এর যান পরিষেবা আজ ফের স্বাভাবিক হচ্ছে।  আজ সকাল থেকেই শিলিগুড়ি থেকে দুধিয়া হয়ে মিরিকে যাতায়াত শুরু হয়েছে বলে প্রকাশ। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সমাজমাধ্যমে জানান, দুধিয়ায় হিউম পাইপ দিয়ে সেতুর কাজ সফলভাবে শেষ হয়েছে৷ এতে তিনি খুবই খুশি। আজ থেকেই এই সেতুতে স্বাভাবিকভাবে যান চলাচল শুরু হবে। ৪৬৮ মিটার দীর্ঘ ও ৮ মিটার প্রস্থের এই সেতু হিউম পাইপ দিয়ে তৈরি হয়েছে। গত ১০ অক্টোবর যুদ্ধকালিন জরুরি ভিত্তিতে এই কাজ শুরু হয়।  মাত্র ১৬ দিনের মধ্যে তা শেষ হওয়ায় খুশি তিনি। এর জন্য পূর্ত দফতরকে অভিনন্দন জানান।

মুখ্যমন্ত্রী আরও জানান, রাজ্য সরকার একটি নতুন সেতু নির্মাণেরও অনুমোদন দিয়েছে। এর জন্য খরচ হবে ৫৪ কোটি টাকা। সেই কাজও পুরোদমে শুরু হয়েছে।

স্থানীয় সূত্রের খবর, গতকালই নবনির্মিত এই হিউম সেতুর ওপর যান চলাচলের মহড়া দেওয়া হয়। আজ থেকে তা চালু হওয়ার খবরে আমজনতা, পর্যটকরা ও খুশি। তবে বেশি ভারী ও মালবাহী যান এই সেতুতে চালানো যাবে না বলে জেলা প্রশাসন জানিয়েছে। এর জন্য নজরদারি জোরদার করা হবে। দুধিয়ায় স্থায়ী সেতু তৈরির কাজও আগামী বছরের মাঝামাঝি সময়ে শেষ হবে বলে সরকারের আশা।

গত ৪ অক্টোবর উত্তর বঙ্গে ভয়ংকর প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। মুখ্যমন্ত্রী সরেজমিনে পাহাড় সহ দুর্গত এলাকা  পরিদর্শন করেন। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় মিরিক। আপাতত দুধিয়ায় সেতু চালু হওয়ায় সব মহলই স্বস্তিতে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*