রোজদিন ডেস্ক : গতকাল তাঁকে তোপ দেগেছিলেন কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী, আজ সেই মুজফফর পুরে তাঁর উদ্দেশ্যে পালটা আক্রমন শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাহুল গান্ধী ও তেজস্বী যাদবকে এক বন্ধনীতে রেখে তাঁদের “দুর্নীতির
যুবরাজ ও মিথ্যা প্রতিশ্রুতির ফেরিওয়ালা ” বলে তীব্র আক্রমণ করলেন। ভীড়ে ঠাসা নির্বাচনি সমাবেশে বিরোধী পক্ষের দুই শীর্ষ নেতাকে তোপ দেগে প্রধানমন্ত্রী বলেন, ওঁরা দুজনই দেশের সব থেকে দুর্নীতিগ্রস্ত পরিবারের প্রতিনিধি ও কোটি কোটি টাকার কেলেঙ্কারিতে জামিনে মুক্ত আছেন। বিহার নির্বাচনে দুই তরুণ ( পড়ুন রাহুল ও তেজস্বী) নিজেদের যুবরাজ মনে করেন।
উপস্থিত জনতার বিপুল হর্ষধ্বনির মধ্যে প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন, গতকাল ওঁরা তাঁকে খুব খারাপ ভাষায় আক্রমণ করেছিলেন। নিজের পুর্ব পরিচিতির কথা মনে করিয়ে দিয়ে জনতার আবেগে শান দিয়ে মোদিজি বলেন, তিনি খুব সাধারণ পরিবার থেকে এসেছেন। আর এই যুবরাজরা সাধারণ মানুষকে অপমান না করলে খাবার হজম হয় না! দলিত ও পিছিয়ে পড়া মানুষদের গালাগালি করাকে ওঁরা নিজেদের জন্মগত অধিকার বলে মনে করেন। দুই তরুণ নেতাকে আক্রমণ আরও তুঙ্গে তুলে প্রধানমন্ত্রী বলেন, একজন দরিদ্র চা বিক্রেতা যে দেশের সর্বোচ্চ আসনে আছেন, তা এই সুবিধাপ্রাপ্ত পরিবারের প্রতিনিধিরা সহ্য করতে পারছেন না।
প্রসঙ্গত আগেও প্রায় প্রতিটি নির্বাচনে নিজের দরিদ্র পরিবারের পটভূমির উল্লেখ করে আমজনতার মন কাড়ার প্রয়াস নিয়েছেন প্রধানমন্ত্রী। এতে সফলও হয়েছেন বেশির ভাগ ক্ষেত্রে।

Be the first to comment