রোজদিন ডেস্ক : বাংলায় বিধানসভা ভোটের আরও ৮ মাস বাকি। তার আগে গত চার মাসের মধ্যে এই নিয়ে তৃতীয়বার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শুক্রবার কলকাতায় তিনটি মেট্রো রুটের উদ্বোধন করবেন তিনি, সেই সঙ্গে দমদম সেন্ট্রাল জেল ময়দানে সভাও করবেন প্রধানমন্ত্রী। কৌতূহলের বিষয় হল, সেই রাজনৈতিক সভায় প্রধানমন্ত্রীর বক্তৃতার অন্যতম বিষয় কী হতে পারে?
বিজেপি সূত্রের খবর, এদিনের সভায় মোদীর বক্তৃতায় অন্যতম বিষয় হয়ে উঠতে পারে বাংলায় অনুপ্রবেশ সমস্যা। অর্থাৎ বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে চড়া সুরে তৃণমূল সরকারের সমালোচনা করতে পারেন প্রধানমন্ত্রী মোদী। এবং সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করেও তৃণমূলের বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের বড় অভিযোগ তুলতে পারেন তিনি।
উল্লেখ্য, গত ১৫ আগস্ট লালকেল্লা থেকে জাতির উদ্দেশে বক্তৃতায় প্রধানমন্ত্রী স্পষ্টতই জানিয়েছেন, এবার অনুপ্রবেশ সমস্যা কড়া হাতে দমন করবে তাঁর সরকার। অনুপ্রবেশের প্রশ্নে প্রধানমন্ত্রী সেদিন বলেছিলেন,“দেশবাসীকে আমি একটি বড় উদ্বেগের কথা জানাতে চাই। ষড়যন্ত্র করে দেশের জনসংখ্যার বিন্যাস বদলানো হচ্ছে। এর ফলে আমাদের যুবকদের রুজি-রোজগার কেড়ে নেওয়া হচ্ছে, আমাদের বোন-মেয়েদের টার্গেট করা হচ্ছে, জনজাতিদের ভুল পথে চালিত করে তাদের জমি দখল করা হচ্ছে। এ সব কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। কারণ এটা ভয়ঙ্কর সংকট ডেকে আনতে পারে”।

Be the first to comment