অজয় চরে মর্টার নিষ্ক্রিয় করা হল

Spread the love

রোজদিন ডেস্ক : আজ সকালে বিকট শব্দে কেঁপে উঠেছিল বোলপুরের কাছে অজয় নদীর চর। কিছু দূরের বাসিন্দারা শব্দ শুনে আতঙ্কিত হন। স্থানীয় সূত্রে প্রকাশ, অজয় নদীর চরে মর্টার নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা৷ গত মাসে বোলপুরের লাউডোহা গ্রামের কাছে অজয় নদীর চরে এই মর্টার পাওয়া যায়। গ্রামবাসীরা পুলিশে জানানোর পর তা উদ্ধার করা হয়। সম্ভবত এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার। এত বছরের পুরানো হলেও তার তেজ যে কমেনি, আজ বিকট আওয়াজে তা মালুম হয়।

মর্টার পাওয়ার পর জেলার পুলিশ ও প্রশাসন সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করেন। আজ তা নিষ্ক্রিয় করার জন্য পূর্ব বর্ধমানের পানাগড় থেকে সেনা জওয়ানদের এক প্রতিনিধি দল আসেন। সূত্রের খবর, এর আগে সিআইডি-র বম্ব স্কোয়াডের প্রতিনিধিরাও এটি দেখে গেছিলেন। তাঁরা কিভাবে এটি নিষ্ক্রিয় করা যায় বুঝতে পারেননি। আজ অনেক চেষ্টা করে এই কাজ করা সম্ভব হয়।

এলাকা সূত্রে আরও জানা যায়, অজয় নদীতে বন্যার সময় জলস্রোতে এই ধরনের জিনিস এসে জমা হয়। অতীতেও এই ধরনের জিনিস এখানে মিলেছে।

আজ এই ধাতব বস্তুটি নিষ্ক্রিয় করার সময় বহু কৌতুহলী মানুষ জড়ো হয়েছিলেন। যদিও এলাকাটি কড়া নিরাপত্তায় মুড়ে দেওয়ায় কেউ ধারে কাছে আসতে পারেননি।

ছবি : প্রতীকী

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*