একটানা তিন দিন ধরে ভারী বর্ষণ মুম্বইয়ে, বিপদসীমার কাছে মিঠি নদীর জলও

Spread the love

একটানা তিন দিন ধরে ভারী বর্ষণ মুম্বইয়ে। এর জেরে বিপর্যস্ত বাণিজ্যনগরী। রাতভর একটানা ভারী বৃষ্টির জেরে আপাতত মুম্বইয়ে মেন শাখায় বন্ধ করে দেওয়া হলো লোকাল ট্রেন পরিষেবা। ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস এবং থানে স্টেশনের মধ্যে ট্র্যাকে জল জমে থাকায় আপাতত স্থগিত রাখা হলো ওই রুটে ট্রেন চলাচল। জল নামলে পরিস্থিতি বিচার করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ।
মৌসম ভবন সূত্রে খবর, আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে ভারী বৃষ্টিপাত। মুম্বইতে জারি হয়েছে লাল সর্তকতা। বৃষ্টির জেরে দেওয়াল ভেঙে, গাছ পড়ে একাধিক দুর্ঘটনাও ঘটেছে মুম্বইতে। তাতে কমপক্ষে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে খবর। পুরসভা সূত্রে খবর, সোমবার মুম্বইয়ের বেশ কয়েকটি অংশে ১২ ঘণ্টার মধ্যে ১০০ মিমি-এরও বেশি বৃষ্টিপাত হয়েছে। পূর্ব শহরতলির ভিক্রোলিতে বৃষ্টি হয়েছে ১৩৯.৫ মিমি।
খারাপ আবহাওয়ার কারণে বিঘ্নিত বিমান পরিষেবাও। প্রতিকূল আবহাওয়ার জেরে সমস্যায় পড়েছে ২৫০টিরও বেশি ফ্লাইট। ফ্লাইট রেডারের তথ্য অনুসারে, ১৫৫টি ফ্লাইট দেরিতে উড়েছে এবং আরও ১০২টি অভ্যন্তরীণ ফ্লাইট এখনও আটকে রয়েছে। মুম্বই শহর ও শহরতলির জন্য আবহাওয়া দপ্তরের সতর্কতা মাথায় রেখেই প্রশাসন সমস্ত সরকারি, বেসরকারি স্কুল, সরকারি, আধা-সরকারি অফিসের জন্য মঙ্গলবার ছুটি ঘোষণা করেছে। বেসরকারি অফিস এবং প্রতিষ্ঠানগুলিকে তাদের কর্মীদের বাড়ি থেকে কাজ করার অনুমতি দেওয়ার পরামর্শ দিয়েছে BMC।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*