কসবার ল’কলেজে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল, ৩ দিনের মধ্যে পুলিশের থেকে রিপোর্ট তলব

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- কসবার দক্ষিণ কলকাতার ল’কলেজে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সেই ঘটনাকে ঘিরে প্রতিবাদের ঝড় উঠেছে রাজ্যে। দোষীদের শাস্তির দাবিতে সোচ্চার হয়েছে সমস্ত বিরোধী রাজনৈতিক দল। রবিবার সকালে কসবার সেই সরকারি আইন কলেজে আসে জাতীয় মহিলা কমিশনের একটি প্রতিনিধিদল। দলের নেতৃত্বে রয়েছেন কমিশনের সদস্য অর্চনা মজুমদার। ছবি তোলা যাবে না, এই শর্তে তাঁদের ঘটনাস্থল পরিদর্শনের অনুমতি দেওয়া হয়। এদিন নির্যাতিতার বাড়িতে যাওয়ার কথা রয়েছে প্রতিনিধি দলের সদস্যদের। ইতিমধ্যে কমিশনের সদস্য অর্চনার সঙ্গে নির্যাতিতার বাবার কথা হয়েছে।
কসবার ল’কলেজে ধর্ষণ নিয়ে প্রথম থেকেই সরব জাতীয় মহিলা কমিশন। শুক্রবার এই ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে তারা। কমিশনের তরফে কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মার সঙ্গে যোগাযোগ করা হয়। পুলিশের তরফে কী কী পদক্ষেপ করা হয়েছে, তার রিপোর্ট তিন দিনের মধ্যে জমা দিতে বলেছে কমিশন। প্রসঙ্গত, কসবা কাণ্ডে এখনও পর্যন্ত চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*