দেশ লাল সন্ত্রাস মুক্ত, দাবি করে কংগ্রেসকে আক্রমণ অমিত শাহর

Spread the love

রোজদিন ডেস্ক : 
আগামীকাল ৩১ মার্চ। তিনি আগেই ঘোষণা করেছিলেন,
ওই দিন থেকে মাওবাদী মুক্ত হবে ভারত। আজ লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ দাবি করেন, দেশ থেকে মাওবাদী আতঙ্ক দূর হয়েছে। তাদের শেষ ঘাঁটি ছত্তিসগড়ের বস্তার এখন উন্নয়নের পথে হাঁটছে। দেশ এখন লাল সন্ত্রাস মুক্ত।
আজ এই সব নিয়ে আলোচনায় সরগরম লোকসভায় চরম বামপন্থা নিয়ে কংগ্রেসকে আক্রমণ করেন অমিত শাহ। তাঁর অভিযোগ, স্বাধীনতার পর দীর্ঘ শাসনকালে আদিবাসীদের জন্য কোন উন্নয়নই করেনি কংগ্রেস। পরন্তু চরম বামপন্থা মাথা চাড়া দিলেও সময়মত তা দমনে উপযুক্ত ব্যবস্থাও নেয়নি। এই প্রসঙ্গে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে দায়ী করেন তিনি।
প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও নক্সালবাদকে বড় চ্যালেঞ্জ বলেছিলেন। কিন্তু কংগ্রেস এই নিয়েও কোন ব্যবস্থা নেয়নি।
নক্সালপন্থীদের তুলোধুনো করে তিনি বলেন, উন্নয়ন কখনোই ওদের মূল মন্ত্র ছিল না। মাওবাদী অধ্যুষিত এলাকায় কোন আইনের শাসন ছিল না। তারা সংসদীয় রাজনীতিতে বিশ্বাসী নয়। তাদের জন্যই কোটি কোটি মানুষ দারিদ্র্যর মধ্যে বাস করেছেন। হাজার হাজার তরুণ, তরুণী অকালে প্রাণ হারিয়েছেন।
মাওবাদীদের তীব্র আক্রমণ শানিয়ে তিনি বলেন, পুলিশের থেকে অস্ত্র লুট করা, খুন জখম, সন্ত্রাস সৃষ্টি করেছেন তাঁরা।
এমনকি বিরোধী নেতা রাহুল গান্ধীর ভারত জোড় যাত্রায় কয়েকটি মাওবাদী সংগঠন যোগ দিয়েছিল বলে তিনি দাবি করেন।
দীর্ঘদিনের মাওবাদী অধ্যুষিত বস্তারে প্রভূত উন্নয়ন হয়েছে বলে দাবি করেন অমিত শাহ।
বলেন, গত দু বছরে পুলিশি অভিযানে ৭০৫ জন মাওবাদী প্রাণ হারিয়েছেন।। ৪৮৩৮ জন আত্মসমর্পণ করেছেন। ২২১৮ জন গ্রেফতার হয়েছেন।
দেশ লাল সন্ত্রাস মুক্ত হয়েছে বলে তিনি দাবি করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*