রোজদিন ডেস্ক : উত্তর প্রদেশের ঝাঁসিতে নিষাদ পার্টির নেতা শিবকুমার রাইক্বার এর স্ত্রী নীলু রাইক্বারের রহস্য মৃত্যুতে চাঞ্চল্য দেখা দিয়েছে। মহিলার পরিবারের অভিযোগ, স্বামীর অত্যাচার, একাধিক মহিলার সঙ্গে সম্পর্কের জেরে তিনি আত্মঘাতী হয়েছেন।
নীলুর মা রেখার অভিযোগ, গত আট মাস ধরে ঝাঁসিতে বাড়ি ভাড়া নিয়ে তাঁর মেয়ে থাকতেন।
শ্বশুরবাড়ি অত্যাচার করে তাঁকে বাড়ি থেকে বার করে দেয়। এই সময়ে তাঁর জামাতা নিষাদ পার্টির জেলা সভাপতি শিবকুমার রাইক্বার একাধিক পরকীয়ায় জড়িয়ে পড়েন। স্ত্রীকে তাদের ছবি দেখিয়ে মানসিক অত্যাচার করতেন।
গতকাল সকালে মেয়েকে ফোনে না পেয়ে উদবিগ্ন রেখা তাদের বাড়ি যান, কিন্তু বারবার ডেকেও সাড়া পাননি। তিনিই তখন পুলিশকে খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে নীলুর ঝুলন্ত দেহ উদ্ধার করে। এর আগের দিন তিনি শ্বশুর বাড়িতে সন্তানদের নতুন জামা কাপড় দিতে গেছিলেন।
নীলুর স্বামী এইসব অভিযোগই অস্বীকার করেছেন। তাঁর দাবি, স্ত্রী খুশিই ছিলেন। সন্তান এর জন্মদিনেও গেছিলেন। তাঁকে বদনাম করার জন্য নানা কথা রটানো হচ্ছে।
স্থানীয় সূত্রের খবর, চলতি বছরের প্রথম দিকে ঝাঁসিতে মন্ত্রী সঞ্জয় নিষাদের রথযাত্রার সময় নীলু তুমুল হৈ চৈ বাধিয়েছিলেন। তখন তিনিও দলের মহিলা শাখার সম্পাদক ছিলেন। মন্ত্রীকে স্বাগত জানানোর পোস্টারে তাঁর ছোট ছবি দেওয়ার ক্ষুব্ধ হন তিনি।

Be the first to comment