বিহারে ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রীর মুখ তেজস্বীই, মানলো কংগ্রেস

Spread the love

রোজদিন ডেস্ক : বিহারে মহাগটবন্ধনের ফাটল আপাতত জোড়া লাগলো। নির্বাচনে জয়ী হলে লালু পুত্র তেজস্বীকেই মুখ্যমন্ত্রী মানবে কংগ্রেস। প্রচারে তাঁকেই মুখ্যমন্ত্রী মুখ হিসাবে তুলে ধরবে ইন্ডিয়া জোট। জিতলে উপমুখ্যমন্ত্রী হবেন বিকাশশীল ইনসান পার্টির প্রধান মুকেশ সাহানি। প্রসঙ্গত, জে ডি ইউ-র সঙ্গে নীতিশকুমারের নেতৃত্বাধীন মন্ত্রীসভায় তেজস্বী উপমুখ্যমন্ত্রী ছিলেন।
আজ পাটনায় এক যৌথ সাংবাদিক বৈঠকে তেজস্বীকে ভাবী মুখ্যমন্ত্রীর মুখ হিসাবে ঘোষণা করা হয়।
গতকাল বিহার নির্বাচনে কংগ্রেসের দায়িত্বে থাকা রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট লালুপ্রসাদের সঙ্গে দেখা করার পর এই জট কেটেছে বলে রাজনৈতিক মহল মনে করেন।
আজ পাটনায় যৌথ সাংবাদিক বৈঠকে অশোক গেহলট, প্রদেশ কংগ্রেস সভাপতি রাজেশ রাম, তেজস্বী যাদব ছাড়া সিপিআই, সিপিএম, সিপিআইএমএলের বিশিষ্ট নেতারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ক্ষমতায় এলে বিহারের প্রতিটি পরিবারের একজনকে সরকারি চাকরি, অস্থায়ী, চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ী সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তেজস্বী যাদব। জীবিকা দিদিদের ঋণ মকুব সহ নানা জনমোহিনী ঘোষণাও করেছেন। এমনকি কুড়ি বছরের কাজ কুড়ি মাসে করে দেবেন বলেও জানিয়েছেন।
মহাগটবন্ধনের দুই বড় শরিক আর জে ডি ও কংগ্রেসের মতান্তর নিয়ে কটাক্ষ ছুঁড়ে ছিল শাসক বিজেপি। মূলত তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী মুখ হিসাবে রাহুল গান্ধী মানছেন না বলে খবর ছড়ায়। আজ তার সমাপ্তি হল বলে রাজনৈতিক মহল মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*