রোজদিন ডেস্ক : পার্ক সার্কাস ময়দানে ফের শুরু হতে চলেছে সার্কাস। অনুমতি দিয়েছে কলকাতা পুরসভা। এবার পুরসভার সেই অনুমোদনকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হল। অভিযোগ, দূষণের বিষয়টিকে গুরুত্ব না দিয়ে এই অনুমতি দেওয়া হয়েছে। এর আগে দূষণের কারণে কলকাতা বইমেলা ময়দান থেকে সরিয়ে পার্ক সার্কাস ময়দানে করার পরিকল্পনা করা হয়েছিল।কিন্তু সেখানেও দূষণের যুক্তিতে মামলা দায়ের হয় হাইকোর্টে। ২০০৮ সালে এই মামলার রায়ে হাইকোর্ট দূষণের যুক্তিকে মান্যতা দিলে বইমেলা সরে যায়। এবার সেই ময়দানে সার্কাস করার জন্য এক সংস্থাকে অনুমতি দিল কলকাতা পুরসভা। ১ ডিসেম্বর থেকে পার্ক সার্কাস ময়দানের একদিকে এই সার্কাস করার অনুমতি দেওয়া হয়েছে। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে দায়ের করা এক জনস্বার্থ মামলায় আবেদনকারীর অভিযোগ, হাইকোর্টের পূর্বতন নির্দেশ এবং দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের বিধি কোনও কিছুর তোয়াক্কা না করেই এই সার্কাসের জন্যে কেএমসি অনুমতি দিয়েছে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের প্রশ্নে পুরসভা অনুমতি দেওয়ার কথা মেনে নিয়েছে। তারপর হাইকোর্ট মামলাকারীর আইনজীবীকে বলে, তিনি যেন ফের হলফনামা দিয়ে জানান ঠিক কি চাইছেন। আগামী বুধবার লিখিত ভাবে তা আদালতকে জানাতে হবে। তারপর পরবর্তী নির্দেশ দেবে হাইকোর্ট।

Be the first to comment