রোজদিন ডেস্ক, কলকাতা:-খাস কলকাতায় ভেঙে পড়ল বিপজ্জনক বাড়ির একাংশ। মধ্য কলকাতার ২৫ নম্বর ওয়ার্ডের মুক্তারাম বাবু স্ট্রিটে একটি বিপজ্জনক বহুতলের সংস্কারের কাজ চলছিল। সেই সময়ই ভবনের একাংশ ভেঙে পড়ে। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে। ছুটির দিন হওয়ায় বড়সড় বিপদ এড়ানো গিয়েছে। তবে সংস্কারের কাজে যুক্ত এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তাঁকে মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। আহত শ্রমিকের বছর ২৮-এর সাবের মোল্লা। ১১৯ নম্বর মুক্তারাম বাবু স্ট্রিটের বহুতলটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে ছিল।
সম্প্রতি বাড়িটি সংস্কারের উদ্যোগ নেন মালিক। সেই মতো শুরু হয় কাজ। বেশ বড় জায়গাজুড়ে পুরনো দিনের দালান বাড়িটির ধাপে ধাপে সংস্কার কাজ চলছিল। জরাজীর্ণ বাড়ির ভিতর দিকের সংস্কার কাজ ইতিমধ্যে শেষ। বাইরের অংশে অর্থাৎ ফুটপাত লাগোয়া পাঁচিল-সহ একাংশের সংস্কার কাজ চলছিল। সেখানেই এদিন বিপত্তি ঘটে। আচমকা ধসে পড়ে যায় বাড়ির পাঁচিল। ফুটপাত থেকে শুরু করে রাস্তার উপরে পড়ে ধ্বংসস্তূপ। যে লোহার বিম আটকে কাজ করা হচ্ছিল, সেটিও ভেঙে পড়ে যায়।
কলকাতা পুরনিগম সূত্রে খবর, অনুমতি নিয়েই জরাজীর্ণ বাড়িটির সংস্কার কাজ শুরু করা হয়েছিল। ভিতরের একাংশের সংস্কারের কাজ হয়েও গিয়েছিল। বাড়িটির বাইরের অংশ সবুজ কাপড় দিয়ে ঘেরা ছিল। ঘটনার খবর পেয়ে বিল্ডিং বিভাগের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার ও কলকাতা পুরনিগমের ডেমোলিশন স্কোয়াডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছন। তাঁরা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখছেন। ওই অংশের লাগোয়া যে সমস্ত অংশ রয়েছে, তা সম্পূর্ণভাবে ভেঙে ফেলা হবে নাকি বাকি অংশে নির্মাণ কাজ চলবে, সেই সিদ্ধান্তও নেবে পুরনিগম। ভেঙে ফেলার মতো অবস্থা তৈরি হলে ডেমোলিশন স্কোয়াড ওই অংশ ভেঙে দেবে।
এই প্রসঙ্গে ২৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর রাজেশ কুমার সাহা জানিয়েছেন, পুরসভার অনুমতি নিয়েই কাজ হচ্ছিল। রাস্তার ধারে বাইরের পাঁচিলের একাংশ ভেঙে পড়েছে। বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। তবে সংস্কারের কাজে যুক্ত এক শ্রমিক আহত হয়েছেন। তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর চিকিৎসা চলছে।

Be the first to comment