রোজদিন ডেস্ক :
বিরোধীরা দেশকে বিপদে দেখতে চায়, দেশ সঙ্কটে পড়লে উল্লাস করে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ তোপ দাগেন। গুজরাটের বনসকাঁঠায় তিনি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই সভায় বক্তব্য রেখে বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ শানান।
ঘটনা চক্রে আজ দিল্লিতে জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের বাসভবনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিরোধীরা জনাভিযোগ কর্মসূচি করছেন। রবিবার পয়লা নভেম্বর একই দাবিতে তাঁরা মহা সমাবেশ করবেন। এর প্রাক্কালে প্রধানমন্ত্রীর তীব্র কঠোর আক্রমণ তাৎপর্য পূর্ণ বলে অভিজ্ঞ মহল মনে করেন।
প্রধানমন্ত্রীর দাবি, দেশ যখন বিকশিত হওয়ার লক্ষ্যে এগোচ্ছে, তখন পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রেক্ষিতে বিরোধীরা দেশে গ্যাস, সারের অভাব নিয়ে গুজব ছড়াচ্ছে, আতঙ্ক তৈরি করছে।
এই কঠিন সময়ে দেশের পাশে দাঁড়ানোর বদলে তারা সরকারকে নিশানা করছে।
উপসাগরীয় যুদ্ধে দেশে কিছু সমস্যার কথা স্বীকার করেন প্রধানমন্ত্রী। তবে একে ব্যবহার করে বিরোধীরা দেশবাসী, বিশেষত কৃষকদের বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেন।
আবেগের সঙ্গে প্রধানমন্ত্রী বলেন, তাঁর শেষ নিশ্বাস অবধি দেশ ও জনগণের সেবা করে যাবেন। বিরোধীদের বিঁধে বলেন, দুর্ভাগ্য এই যে তাঁরা দেশকে সমস্যায় জর্জরিত দেখতে চান।

Be the first to comment