রোজদিন ডেস্ক :
কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী আগামীকাল রামলীলা ময়দানে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে আয়োজিত সমাবেশে সবাইকে যোগ দেওয়ার আহবান জানালেন।
সমাজ মাধ্যমে তিনি বলেন, “কাল দেখা হবে, আসুন সবাই একসঙ্গে হাঁটি। ”
সূত্রের খবর কাল দুপুর ১২ টায় কনট প্লেসের কাছে মিন্টো রোড জংশনে এই মিছিল শুরু হবে। আজমেরি ফটক অভিমুখে যাওয়া এই মিছিল শেষ হবে রামলীলা ময়দানে।
এখন অবধি পাওয়া খবরে জানা গেছে, পুলিশ এই মিছিলের অনুমতি দেয়নি।
দিল্লি পুলিশের দাবি, কনট প্লেস থেকে মিছিলের জন্য অনুমতি চেয়ে কোন আবেদন আসেনি। সাংসদ ও রাজনৈতিক নেতারা নিজেদের গাড়িতে কন্সটিটিউশন ক্লাব, মল্লিকার্জুন খাড়্গে র বাসভবন বা অন্যত্র যেতে কোন বাধা নেই বলে পুলিশ সূত্রে প্রকাশ।
এই সূত্রে জানা যায়, যন্তর মন্তরে কোন প্রতিবাদ কর্মসূচি আর করা যাবে না। ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী নির্বাচন কমিশন এর সংশ্লিষ্ট এলাকা সহ সমগ্র নিউ দিল্লিতেই ১৬৩ ধারা জারি করা আছে, এতে একসঙ্গে অনেকে জমায়েত করা নিষিদ্ধ।
রবিবারের সমাবেশ নিয়ে রামলীলা ময়দানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কেন্দ্রীয় জেলা সহ দিল্লির বিভিন্ন পুলিশ জেলা থেকে পুলিশ মোতায়েন করা হচ্ছে।
আজ মল্লিকার্জুন খড়গের বাসভবনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে জন মহাভিযোগ কর্মসূচি পালন করা নিয়েও বিভিন্ন মহলে চর্চা এখন তুঙ্গে।

Be the first to comment