রোজদিন ডেস্ক : লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে ওখানকার ভারতীয় নাগরিকদের সুরক্ষা নিয়ে গভীর উদ্বেগ ব্যক্ত করেছেন। এই বিষয়ে তিনি ভারত সরকারকে তাঁদের নিরাপত্তা ব্যবস্থা নিতে আর্জি জানান। সমাজমাধ্যমে রাহুল গান্ধী বলেন, মধ্য প্রাচ্যের এই পরিস্থিতিতে ওখানকার প্রতিটি ভারতীয় নাগরিকের সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়া জরুরি। আমেরিকা, ইজরায়েল, ইরানের সম্পর্ক নিয়ে তিনি গভীর উদ্বেগ ব্যক্ত করেন।
উল্লেখ্য ইরানে আমেরিকা – ইজরায়েলের আক্রমণ ও মধ্য প্রাচ্যের একাধিক দেশে ইরানের পালটা আক্রমণে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে।
দেশের বাম দলগুলি এই নিয়ে উদ্বিগ্ন। সিপিআইএম শীর্ষ নেতৃত্ব ইরানের ওপর আমেরিকা – ইজরায়েলের যৌথ হামলার তীব্র নিন্দা করে একে আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও বিশ্ব শান্তির পক্ষে হুমকি বলে উদ্বেগ জানিয়েছে। এই বিষয়ে ভারত সরকারকে এই হামলা বন্ধ
করতে পদক্ষেপ নিতে দাবি জানিয়েছে।
সিপিএম আমেরিকার নিন্দা করে বলেছে, যুদ্ধবাজ এই দেশ নিজের ইচ্ছামত সার্বভৌম দেশগুলি আক্রমণ করছে। ভেনেজুয়েলায় তাদের ভূমিকা, কিউবাকে হুমকির মতই তারা ইরান আক্রমণ করেছে।
সিপিআই (এমএল)ও ইরানে হানার তীব্র নিন্দা করে বলেছে, ইরানের সরকারের বিরুদ্ধে সেখানকার জনগণের লড়াই-এ সাম্রাজ্যবাদী আমেরিকার কিছু করার নেই। তারা এই হামলা বন্ধ করতে ভারত সরকারকে ব্যবস্থা নিতে বলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইজরায়েল সফরের সমালোচনা করেছে এই দল। পৃথিবী ও ভারতের শান্তিকামী মানুষ অবিলম্বে ইরানের ওপর হামলা বন্ধ চায়।
সিপিআইও ইরানের ওপর আক্রমণের নিন্দা করে সেখানে থাকা ভারতীয় নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য ভারত সরকারকে আর্জি জানিয়েছে।
সব বাম দলগুলিই এই পরিস্থিতিতে ভারত সরকার আন্তর্জাতিক আইন মেনে ব্যবস্থা নিক বলে মনে করে।

Be the first to comment