রোজদিন ডেস্ক : সারদা মামলায় হেস্টিংস থানায় রাজ্য সরকারের তরফে করা তিনটি মামলায় সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়কে বেকসুর খালাস করল ব্যাঙ্কশাল কোর্ট।
জানা গিয়েছে, প্রতারণা এবং বিশ্বাসভঙ্গের যে ধারায় মামলা হয়েছিল এই দু’জনের বিরুদ্ধে, বিচার প্রক্রিয়া চলাকালীন তার প্রেক্ষিতে উপযুক্ত সাক্ষ্য মেলেনি। মামলার ৫০ জন সাক্ষী ছিলেন। কিন্তু মাত্র ১৫ জন সাক্ষ্য দিয়েছেন।
উল্লেখ্য, সারদা কর্তা সুদীপ্ত সেন এবং দেবযানী মুখোপাধ্যায়ের বিরুদ্ধে হেস্টিংস থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন তিন আমানতকারী। সেই লিখিত অভিযোগের ভিত্তিতে রাজ্য সরকারের তরফে থানায় এফআইআর করা হয়েছিল।
তবে এই মামলাগুলি থেকে মুক্তি পেলেও সুদীপ্ত এবং দেবযানীর বিরুদ্ধে এখনও বহু মামলা বিচারাধীন। দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি-ও মামলাগুলির প্রেক্ষিতে তদন্ত করছে। ফলে এখনই সুদীপ্ত এবং দেবযানীর জেলমুক্তি সম্ভব নয়।

Be the first to comment