শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যু দিনে শ্রদ্ধা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক :

শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যু দিনে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

প্রধানমন্ত্রী সমাজমাধ্যমে শ্যামাপ্রসাদ মুখার্জিকে বিশিষ্ট দেশপ্রেমিক, শিক্ষাবিদ, রাষ্ট্রনেতাবিদ বলে শ্রদ্ধা জানিয়ে বলেন, তাঁর বিবেচনা বোধ, দেশের প্রতি কর্তব্যে অবিচলিত থাকা, দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়ার মানসিকতা প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। তাঁর আত্মবলিদান সবার মনে গভীর রেখাপাত করেছে। তাঁর দেখানো পথে দেশকে এগিয়ে নিয়ে যেতে তাঁরা প্রতিশ্রুতি বদ্ধ বলে প্রধানমন্ত্রী জানান। বলেন, জীবনের শেষ দিন অবধি যে উন্নত ভারতের স্বপ্ন তিনি দেখতেন তা বাস্তবায়িত করা তাঁদের দায়িত্ব।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কেওড়াতলা মহাশ্মশানে শ্যামাপ্রসাদ মুখার্জি মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান।

সমাজ মাধ্যমে তিনি বলেন, দেশের একতা ও অখন্ডতা রক্ষায় নিজের জীবন উৎসর্গ করেছিলেন। জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা, রাজ্যের জনক ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবসে তিনি শতকোটি প্রণাম জানান।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সমাজমাধ্যমে শ্যামাপ্রসাদ মুখার্জিকে শ্রদ্ধা জানিয়ে তাঁর বেশ কিছু সিদ্ধান্ত, মনোভাবের উল্লেখ করেন। বাংলায় এই রাজ্যের নির্বাচনী জয়ের উল্লেখ করে বলেন, আজ তাঁর জন্মভূমি সবার আগে দেশ, এই ভাবনাকে মাথায় রেখে দেশের স্বার্থ রক্ষা ও ঐতিহ্য রক্ষা করতে তৎপর। কাশ্মীর থেকে শুরু করে বাংলাকে এক সূতোয় বেঁধেছিলেন শ্যামাপ্রসাদ। তাঁরাও দেশকে সুরক্ষিত রাখতে তাঁর দেখানো পথে চলবেন বলে জানান।

প্রসঙ্গত ১৯৫৩ সালের ২৩ জুন শ্রীনগরের কারাগারে শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যু হয়। বিজেপি এই দিনটি প্রতি বছর বলিদান দিবস হিসাবে পালন করে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*