রোজদিন ডেস্ক : প্রাক্তন স্বরাষ্ট্র মন্ত্রী, বিশিষ্ট কংগ্রেস নেতা শিবরাজ পাতিলের জীবনাবসান হয়েছে। আজ ভোরে মহারাষ্ট্রর লাতুরের” দেবঘর” বাসভবনে তিনি শেষ নিশ্বাস ফেলেন। বয়েস হয়েছিল ৯০। গত কয়েকদিন তিনি অসুস্থ ছিলেন।
১৯৩৫ সালের ১২ অক্টোবর লাতুরে তাঁর জন্ম। লাতুর পুরসভার প্রধান হিসাবে তাঁর রাজনৈতিক যাত্রা শুরু৷ এই এলাকা কেন্দ্র করে তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের কর্মকাণ্ড আবর্তিত হয়েছে। সত্তরের দশকে তিনি বিধায়ক হন। লাতুর লোকসভা কেন্দ্রের সাতবারের সাংসদ শিবরাজ পাতিলের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নামে।
কেন্দ্রীয় মন্ত্রী, লোকসভার অধ্যক্ষ সহ দীর্ঘ রাজনৈতিক জীবনে মর্যাদার সঙ্গে কাজ করেছেন তিনি। সুভদ্র, মার্জিত, জনপ্রিয় এই মানুষটি কখনো কোন ব্যক্তিগত আক্রমণ করেননি।
মারাঠি, হিন্দি, ইংরেজি ভাষায় দক্ষ শিবরাজ পাতিলের সাংবিধানিক জ্ঞান, অফুরন্ত পাঠের আগ্রহ দেশের রাজনীতিতে এক মাইল ফলক বললেও অত্যুক্তি হয় না।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ বিশিষ্ট ব্যক্তিরা তাঁর প্রয়াণে গভীর শোক ব্যক্ত করেছেন।
সমাজ মাধ্যমে শিবরাজ পাতিলের সঙ্গে নিজের ছবি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সঙ্গে বহু ব্যাপারে তাঁর কথা হয়েছে। কয়েক মাস আগে তাঁর বাড়িতেও উনি এসেছিলেন।
প্রয়াত নেতার পরিবারকে গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী।
২০০৪ থেকে ২০০৮ অবধি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন তিনি। মুম্বাই-এ জঙ্গি হামলার প্রেক্ষিতে নিজের দায় নিয়ে পদত্যাগ করেন। দশম লোকসভার অধ্যক্ষ হিসাবে ১৯৯১ থেকে ১৯৯৬ তাঁর কাজ সবাই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
২০১০ থেকে ২০১৫ সাল অবধি তিনি পঞ্জাবের রাজ্যপাল ছিলেন। রেখে গেছেন পুত্র শৈলেশ, পুত্রবধূ ও দুই নাতনি কে। তাঁর প্রয়াণের খবরে কংগ্রেস সহ রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমেছে।

Be the first to comment